২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় সি বোট দুর্ঘটনায় নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা এলাকায় পদ্মা নদীতে দুই সি বোটের সংঘর্ষে নিখোঁজ এক চিকিৎসকের লাশ পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন ইকবাল হোসেন (৪০) নামের এক সি বোট যাত্রী।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শনিবার সকালে পদ্মা নদীর পালেরচর এলাকায় শরীয়তপুর সদর হাসপাতালের ডা. মাহে আলমের ভাসমান লাশ পাওয়া যায়।

বৃহস্পতিবার রাতে ফকির কান্দি এলাকায় দুটি সি বোটের মুখোমুখি সংঘর্ষে এক মহিলা ওইদিনই নিহত হয়েছেলিনে।

শরীয়তপুর সদর হাসপাতালের ডা. আকরাম এলাহী জানান, হাসপাতালের কনসালটেন্ট (অর্থো-সার্জারি) ডা. মাহে আলমের লাশ জাজিরার পালের চরে পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ডা. আকরাম জানান, জাজিরার মঙ্গল মাঝি ঘাটে সকাল ৯টায় তার ডা. আকরামের ১ম জানাযা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর সদর হাসপাতালে হয় দ্বিতীয় জানাযা। এরপর লাশ ঢাকায় নিয়ে যাওয়া হয়।

মাহে আলমের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলায়। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে বাবা-মা ও ৪ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

বৃহস্পতিবার রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গলমাঝির ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি সি বোট পদ্মনদীর ফকির কান্দি পৌঁছালে বিপরীতমুখী আরেকটি সি বোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সি বোট দুটি ভেঙে যায় এবং যাত্রীরা সবাই নদীতে তলিয়ে যায়।

স্থানীয় লোকজনের সহায়তায় অধিকাংশ যাত্রী পাড়ে উঠলেও শরীয়তপুরের ডামুড্যা উপজেলা পরিষদের কর্মচারী আজাহার উদ্দিনের স্ত্রী মাকসুদা বেগমের মৃত্যু হয়। এছাড়া ডা. মাহে আলম ও ইকবাল হোসেন নিখোঁজ হন।

ইকবাল হোসেনের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নে।