নোয়াখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ১০
নোয়াখালী শহরে বিভিন্ন স্থানে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
শনিবার সকালে এসব ঘটনায় ১০ জনকে আটক করার কথা পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ সুপার আনিসুর রহমান জানান, সকালে শহরের বিশ্বনাথ এলাকায় সোনাপুর-মাইজদী সড়কে গাছ ফেলে, ইট-বাঁশের প্রাচীর তৈরি করে এবং আগুন দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় বিএনপি ও জামায়াতের সমর্থকরা।
বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ শটগান ও রাইফেলের গুলি ছুড়েছে।
শহরের বিভিন্ন সড়কে নাশকতা ঘটানোর অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে জনি (১৩) নামে স্থানীয় এক কিশোর আহত হয়েছে বলে দাবি করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ।
তবে, পুলিশ সুপার এমন কোনো খবর নিশ্চিত করতে পারেননি।
শহরের বিশ্বনাথ, রশিদ কলোনী, পৌর বাজার, দত্তেরহাট, নতুন বাসস্ট্যান্ড, সোনাপুরসহ বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল বের করে বিএনপি-জামায়াত।
