মহাসড়কে সহিংসতা বন্ধে মানববন্ধন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সহিংসতা বন্ধে মানববন্ধন ও সমাবেশ করেছেন নীপবন খেলাঘর আসর।
শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশ থেকে ‘শিবির সন্দেহে’ গ্রেপ্তার খেলাঘর সংগঠক রায়হান উদ্দিনের মুক্তিও দাবি করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির ‘লাইফ লাইন’ খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে দীর্ঘ নয় মাস ধরে পরিকল্পিতভাবে নাশকতা করছে জামায়াত-শিবির।
এ কাজে স্থানীয় কর্মীদের পাশাপাশি বহিরাগত দলীয় কর্মীদেরও ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন বক্তারা।
যুব ইউনিয়ন চট্টগ্রাম নগর শাখার সভাপতি আরিফউল্লাহ হাইয়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক রাসেল।
সমাবেশে ওমর ফারুক বলেন, দেশের অর্থণীতি সচল রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে হবে।
“পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যাতে নিরাপরাধ কেউ হয়রানির শিকার না হয়।”
সমাবেশে বক্তারা বলেন, গত ২০ নভেম্বর সীতাকুন্ডের বাড়বকুন্ড থেকে খেলাঘর সংগঠক রায়হান উদ্দিনকে আটক করা হয়।
রায়হান উদ্দিন বাড়বকুণ্ড নীপবন খেলাঘর আসরের সহ-সাধারণ সম্পাদক।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী শাখার সহ-সভাপতি কবি আশীষ সেন, খেলাঘরের জাতীয় সভাপতিমন্ডলীর সদস্য রিপন বড়ুয়া, সাবেক ছাত্র নেতা ইউসুফ সোহেল, খেলাঘর মহানগরী কমিটির শিক্ষা বিয়ষক সম্পাদক প্রদ্যুৎ বড়ুয়া, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তৌহিদ টিপু প্রমুখ।
সমাবেশে সংহতি প্রকাশ করে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়ন, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন।
