গাইবান্ধায় আ.লীগ নেতার রগ কর্তন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক আওয়ামী লীগ নেতার দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
কয়েকজন প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছেন জামায়াত-শিবির ক্যাডাররা এ ঘটনা ঘটিয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাঝিপাড়া মোড়ে সোহেল রানার (৩৫) ওপর হামলা হয়। তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোহেল উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়ামীরগঞ্জ গ্রামের আহমদ আলীর ছেলে এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ তার দলীয় পরিচয় নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সুন্দরগঞ্জ থানার ওসি কায়ছার আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে মীরগঞ্জহাট থেকে বাড়ি ফেরার পথে ৮/১০ জন জামায়াত-শিবির ক্যাডার তার ওপর হামলা চালায়।
হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে দুই পায়ের রগ কেটে ফেলে যায়।
