সিরাজগঞ্জে পুলিশের রিভলবার ছিনতাই
সিরাজগঞ্জ শহরে কর্তব্যরত গোয়েন্দা পুলিশের এক উপ-পরিদর্শকের রিভলবার ছিনিয়ে নিয়েছে অবরোধকারীরা।
বুধবার সন্ধ্যার পর নিউ ঢাকা রোডের চামড়াপট্টি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, রিভলবারটির অনুসন্ধান চলছে।
ওসি জানান, জেলা বিএনপির ডাকা বৃহস্পতিবারের হরতাল ও ১২ ঘণ্টার বর্র্ধিত অবরোধের সমর্থনে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বুধবার সন্ধ্যার পর শহরের রেলগেট এলাকায় থেকে একটি মশাল মিছিল বের করে।
চামড়াপট্টি খেদনসর্দারের মোড়ে গিয়ে মিছিল থেকে ককটেল নিক্ষেপ করে এবং আশপাশের বিভিন্ন স্থাপনায় টাঙ্গানো আওয়ামী লীগ নেতাদের বেশ কটি ফেস্টুন ও ব্যানারে আগুন ধরিয়ে দেয়।
অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পিছু ধাওয়া করার জন্য পুলিশ কলোনী এলাকার দিকে গেলে মিছিলকারীরা ডিবি পুলিশের উপ-পরিদর্শক রেজাউল করিমকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।
এ সময় রেজাউল মাটিতে পড়ে গেলে মিছিলকারীরা তাকে মারপিট করে তার কাছে থাকা সার্ভিস রিভলবারটি ছিনিয়ে নিয়ে যায়।
মঙ্গলবার শহরের জগাই মোড়ে পুলিশ ও বিএনপির সংঘর্ষের সময় যুবদল নেতা ছাকমান আলীর মৃত্যু এবং নেতাকর্মীদের গ্রেপ্তার ও ‘নির্যাতনের’ প্রতিবাদে বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
