লিমনের মায়ের মামলায় আবার তারিখ
র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পা হারানো ঝালকাঠীর কলেজছাত্র লিমন হোসেনকে হত্যা চেষ্টার অভিযোগে র্যাবের বিরুদ্ধে করা তার মায়ের মামলার শুনানি আবার পিছিয়েছে আদালত।
বুধবার ঝালকাঠী জেলা ও দায়রা জজ শহীদুল্লাহ বকাউল আগামী ১৫ জনুয়ারি আবেদন শুনানির এই নতুন তারিখ ধার্য করেন।
এ মামলা থেকে ছয় র্যাব সদস্যকে অব্যহতি দিতে পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন পুনঃবিবেচনার (রিভিশন) আবদেন করেন লিমনের মা হেনোয়ারা বেগম।
এ নিয়ে এ আবেদন শুনানির জন্য ছয় বার তারিখ ধার্য করা হল বলে জানান হোনেয়ারা বেগমের আইনজীবী মানিক আচার্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, লিমনকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে হেনোয়ারা বেগম ২০১১ সালের ১০ এপ্রিল ঝালকাঠী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি নালিশি মামলা দায়ের করেছিলেন।
বাদী হেনোয়ারা বেগম পুলিশের এ চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে গত বছরের ৩০ অগাস্ট নারাজি আবেদন করেন।
এ বছরের ১৪ ফেব্রুয়ারি শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শাহীদুল ইসলাম তা খারিজ করে দেন। আদালতের এ আদেশের বিরুদ্ধে হেনোয়ারা বেগম গত ১৯ মার্চ জেলা ও দায়রা জজ আদালতে পুনঃবিবেচনার আবেদন (রিভিশন) করেন।
২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়ার গ্রামের কলেজছাত্র লিমন হোসেন র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিতে পা হারান।
এ ঘটনায় র্যাব লিমনের বিরুদ্ধে অস্ত্র ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে রাজাপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছিল। আর লিমনের মা হেনোয়ারা বেগম তার ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগে ছয় র্যাব সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
গণমাধ্যমে ব্যপক লেখালেখিসহ সারাদেশে সমালোচনার মধ্যে স্বারাষ্ট্র মন্ত্রণালয় লিমনকে মামলা দুটি থেকে অব্যহতি দেয়ার নির্দেশ দেয়।
