মধ্যপাড়া কঠিন শিলা খনিতে ধর্মঘট অব্যাহত
সরকার ঘোষিত ২০ ভাগ মহার্ঘ ভাতা ও দক্ষ শ্রমিকদের স্থায়ী নিয়োগসহ ৫ দফা দাবিতে দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট তৃতীয় দিনের মতো চলছে।
সোমবার থেকে গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (কঠিন শিলা) শ্রমিক কর্মচারীরা অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করায় পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে য্য়।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির আন্দোলনরত শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (২৬১৭) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় কর্তৃপক্ষের সঙ্গে তাদের একটি বৈঠক হলেও কর্তৃপক্ষ ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের দাবি বাস্তবায়নে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না বলে জানিয়ে দেয়। এতে শ্রমিক নেতৃবৃন্দও অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে বলে জানিয়ে দেন।
তিনি জানান, শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে জিএম (প্রশাসন) আব্দুল মান্নান, জিএম (অপরেশন এন্ড প্রডাকশন) আব্দুল হান্নান, জিএম (মার্কেটিং) ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি খায়রুল আলম জানান, গত ২১ অক্টোবর, ৪ ও ১৭ নভেম্বর এবং সর্বশেষ ২৪ নভেম্বর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবরে দাবি বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার জন্য চিঠি দেয়া হয়েছে।
কিন্তু কর্তৃপক্ষ দাবি বিষয়ে কোনো গুরুত্ব না দেয়ায় বাধ্য হয়ে তারা ২৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন।
শ্রমিক-কর্মচারীদের অন্য দাবিগুলো হচ্ছে- ছাঁটাইকৃত শ্রমিকদের পূনর্বহাল, ডিপ্লোমা শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া চালু এবং অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করা।
