বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৯ ও ৩০ নভেম্বর
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ স্নাতকে ভর্তি পরীক্ষা ২৯ ও ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ, বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ নভেম্বর এবং ডি, ই ও এফ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর তারিখে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী লাল মিয়া সিটি কলেজ ও স্বর্ণকলি হাই স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmrstu.edu.bd) থেকে জানা যাবে।
এবার ৬টি ইউনিটের অধীনে ১৪ বিভাগে সর্বমোট ৬৭০ আসনের জন্য ২৫,০৭৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
এরমধ্যে এ ইউনিটে ৯০ আসনের জন্য ৫,০৩৫ জন, বি ইউনিটে ১৯০ আসনের জন্য ৩,৮০৯ জন, সি ইউনিটে ৪০ আসনের জন্য ২,৯৪৪ জন, ডি ইউনিটে ১০০ আসনের জন্য ২,৬৭৮ জন, ই ইউনিটে ১৫০ আসনের জন্য ৫,০৪৯ জন এবং এফ ইউনিটে ১০০ আসনের জন্য ৫৫৬১ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।
