২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের বোমায় আহত ব্যাংককর্মচারীর মৃত্যু

রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ায় অবরোধকারীদের ছোড়া হাতবোমায় আহত ব্যাংক কর্মচারী আনোয়ারা বেগম (৪৫) মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 09:05 AM

Updated : 23 Aug 2022, 07:21 PM

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বুধবার ভোর ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারার মৃত্যু হয়।

বিরোধীদলের ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন মঙ্গলবার বিকালে অফিস থেকে বাসায় ফেরার পথে বিস্ফোরণে আহত হন ন্যাশনাল ব্যাংকের চতুর্থ শ্রেণির কর্মচারী আনোয়ারা।

তিলপাপাড়া সিটি কর্পোরেশনের সামনে অবরোধকারীদের মিছিল থেকে একটি হাতবোমা ফাটানো হলে আনোয়ারা মাথায় আঘাত পান।

পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

আনোয়ারার ভাগ্নে আব্দুস সোবহান হাসপাতালে সাংবাদিকদের জানান, তিনি ন্যাশনাল ব্যাংক মালিবাগ শাখায় রাঁধুনীর কাজ করতেন।

এদিকে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকার কয়েকজন যুবক একটি লেগুনা লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। এতে চালক মোজাম্মেল হক (১৯) গুরুতর দগ্ধ হন।

একই সময়ে মৌচাকে দুর্বৃত্তরা একটি অটোরিকশাকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। এতে চালক নিজাম উদ্দীন (৩৮) এর শরীরের প্রায় ১২ শতাংশ পুড়ে যায়।

তারা দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান মোজাম্মেল।

পুরনো খবর:

সহিংস অবরোধে বিজিবি সদস্যসহ নিহত ৭