বার কাউন্সিল সদস্য কাইয়ুমুল হক ‘আটক’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা ও বার কাউন্সিল সদস্য কাইয়ুমুল হক রিঙ্কুকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে সংগঠনের নেতারা দাবি করেছেন।
তবে, আইনশৃঙ্খলা বাহিনী এ আটকের কথা অস্বীকার করেছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রাগিব রউফ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রিঙ্কুকে তার কুমিল্লা নগরীর নানুয়াদীঘির পাড়ের বাসা থেকে আটক করেছে।
কুমিল্লা র্যাবের মেজর শাহেদ রিঙ্কুকে আটকের কথা অস্বীকার করেছেন।
কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন আহমেদ জানান, পুলিশ রিঙ্কুকে আটক করেনি।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় নিজ বাসা থেকে র্যাব ও বিজিবি সদস্যরা রিঙ্কুকে আটক করে নিয়ে যায়।
রিঙ্কু জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক। তিনি কুমিল্লার মেয়র মনিরুল হক সাক্কুর ছোটভাই।
