২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের পরিস্থিতি নজরে রাখছে চীন

চীন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত লি জুন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 09:59 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

‘শান্তিপূর্ণ ও গঠনমূলক সংলাপের’ মধ্য দিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো চলমান সংকটের সমাধান করবে বলে আশা করেন তিনি।

সোমবার নতুন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করার সময় এই আশার কথা শোনান তিনি।

এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, “আমি বিশ্বাস করি আপনাদের প্রজ্ঞা রয়েছে।”

“আমরা প্রতিবেশী। আমরা ঘটনার উপর আমরা গভীরভাবে চোখ রাখছি। ঐতিহ্যবাহী বন্ধু হিসেবে একটি স্থায়ী, শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও স্বাধীন বাংলাদেশকে সমর্থন করে চীন, যা দেশের জনগণের জন্য ‘মৌলিক’ বিষয়।”

নির্বাচনের সময়ের সরকারের ধরন নিয়ে বিবাদমান ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি শীর্ষ দুই নেতার মধ্যে মুখোমুখী সংলাপের কথা প্রথম বলেছিলেন এই রাষ্ট্রদূত।

লি বলেন, “চীন এবিষয়ে পুরোপুরি একমত যে একটি জাতির উন্নয়নের জন্য সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা অত্যাবশ্যক।”

বিরোধী দল নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে এলেও সরকার সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনের অবস্থানে অনড় রয়েছে।

ইতিমধ্যে নির্বাচন কমিশন ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ঠিক করে তফসিল ঘোষণা করেছে। প্রতিবাদে বিরোধী দলীয় জোট মঙ্গলবার ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে।

চীনা রাষ্ট্রদূত বলেন, নতুন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান অনুযায়ী সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির হালনাগাদ অগ্রগতির একটি সাধারণ চিত্র তার সামনে তুলে ধরেছেন।

“আমিও আশা করি, পরিস্থিতির অত্যন্ত গঠনমূলক পরিণতি হবে।”

তিনি চীন-বাংলা সম্পর্কে জোরদারের উপর গুরুত্ব দেন তিনি। বাংলাদেশ, চীন, ভারত ও মায়ানমার (বিসিআইএম) গ্রুপের সঙ্গে সহযোগিতা বিষয়ে জোরদারে আগ্রহ প্রকাশ করেন তিনি।