চট্টগ্রামে বাসে অগ্নিসংযোগ
অবরোধের মধ্যে রাস্তায় চাকা সারানোর সময় বন্দরনগরী চট্টগ্রামের টাইগারপাসে একটি বাসে আগুন দেয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটিতে আগুন দেয়া হয়। বাসে কোনো যাত্রী ছিল না।
নগর পুলিশের সহকারী সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ জানান, শহর এলাকার বাসটি টাইগারপাস এলাকায় চাকা নষ্ট হওয়ায় দাঁড়িয়েছিল। ওই সময় দুর্বৃত্তরা এতে আগুন দিয়ে পালিয়ে যায়।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে কোতোয়ালি থানাধীন তিন পুলের মাথায় হাতবোমার বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি সড়কে কয়েকটি গাড়ি ভাংচুর করে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
সারাদেশে বিরোধী জোটের অবরোধ থাকলেও চট্টগ্রামে পূর্ণদিবস হরতাল ছিল মঙ্গলবার। ৪৮ ঘণ্টার অবরোধ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত চলবে।
সন্দ্বীপের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার বাড়িতে হামলা এবং তার ছেলেকে গুলির প্রতিবাদে চট্টগ্রামে ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়।
সকালে মিছিল ও পিকেটিংয়ের চেষ্টাকালে নগরীর বিভিন্ন স্থান থেকে উত্তর জেলা বিএনপির অর্থ সম্পাদক ছালামত উল্লাহসহ ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
দুপুর ১টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে বিএনপিকর্মীরা সেখানে মিছিল বের করলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বলেন, পুলিশ নতুন ব্রিজ, তুলাতলী ও চাক্তাই থেকে সাতজনকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি থানার এসআই সুপ্তা দত্ত জানান, মিছিল ও পিকেটিংয়ের সময় কাজীর দেউড়ি ও আলমাস সিনেমা হল মোড় থেকে উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছালামত উল্লাহ, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহ আলমসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে হরতালে ব্যাংক, বীমা, পোশাক কারখানার কাজ চলছে স্বাভাবিক। নগরীতে ব্যক্তিগত পরিবহনের দেখা না মিললেও গণপরিবহন চলেছে।
