২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে আ. লীগ নেতার রগ কেটেছে ‘শিবির’

অবরোধ চলাকালে লক্ষ্মীপুর সদরে এক ছাত্রলীগ নেতার দুহাতের রগ কেটেছে ‘শিবির’ সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লক্ষ্মীপুর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 08:36 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

মঙ্গলবার দুপুরে চন্দ্রগঞ্জ বাজারে এ হামলায় আহত ইমন হোসেন সুজন (২২) চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহসভাপতি।

তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সদর থানার ওসি ইকবাল হোসেন।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল্লাহ জানান, ধারালো অস্ত্রের আঘাতে সুজনের দুইহাতের নার্ভ কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে।

আহত সুজনের ভাই চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান নিজাম জানান, দুপুর ১টায় চন্দ্রগঞ্জ বাজারে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে অবরোধ বিরোধী একটি মিছিল বের করার প্রস্তুতি নেন নেতাকর্মীরা।

এ সময় ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে।

এ সময় সুজন স্থানীয় একটি মসজিদে আশ্রয় নিলে শিবিরকর্মীরা তার ওপর হামলা করে এবং মসজিদ থেকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসে। পরে তার দুহাতের রগ কেটে দেয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন জেলা জামায়াতের সেক্রেটারি মফিজুল ইসলাম।

নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রত্যাখ্যান করে মঙ্গলবার ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধ ডাকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট, যার অন্যতম সহযোগী দল জামায়াতে ইসলামী।