২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় নিহত ১, বৃহস্পতিবার হরতাল

অবরোধের প্রথম দিন কুমিল্লার লাকসাম উপজেলায় পুলিশ ও ১৮ দলের নেতাকর্মীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 03:36 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

মঙ্গলবার সকালে দৌলতগঞ্জের দীঘিরপাড় এলাকায় এ সংঘর্ষে নিহত বাবুল মিয়াকে (৪৫) নিজেদের কর্মী দাবি করেছে বিএনপি।

এর আগে সোমবার রাতে কুমিল্লা নগরীর মনোহপুর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দেলোয়ার নামে একজন নিহত হন। দেলোয়ারকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার।

এ দুইজন নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার কুমিল্লায় আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।

স্থানীয় সাংবাদিক জসিমউদ্দিন জানান, বেলা ১১টার দিকে দীঘিরপাড় এলাকায় ১৮ দলের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বেধে যায়।

এতে গুলিবিদ্ধ হয়ে লাকসাম অশ্বথতলা গ্রামের রিকশাচালক বাবুল মিয়ার মৃত্যু হয়।

এ সময় তিন জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয় বলেও তিনি জানান। তাদের লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খোকন জানান, নিহত বাবুল মিয়া বিএনপির কর্মী। ১৮ দলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি করলে বাবুল মিয়া নিহত হন।

লাকসাম থানার ওসি আবুল খায়ের জানান, অবরোধকারীরা দৌলতগঞ্জ বাজারে ভাংচুর করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছোড়ে।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ৯৫  রাউন্ড রাবার বুলেট, ৩৪ রাউন্ড রাইফেলের গুলি, ৬ রাউন্ড পিস্তলের গুলিসহ মোট ১৩৪ রাউন্ড গুলি ও ৩ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।

তিনি একজন নিহত হওয়ার কথাও স্বীকার করেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জানান, ছাত্রদলকর্মী দেলোয়ার ও বিএনপিকর্মী বাবুল মিয়া পুলিশের নিহত হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত কুমিল্লায় হরতাল করবেন তারা।