সিলেটে দুইজনকে কুপিয়ে হত্যা
সিলেটের জকিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
জকিগঞ্জ থানার ওসি মো. ইউনুছ আলী জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার নোয়াগ্রামে এ ঘটনায় নিহতরা হলেন- ওই গ্রামের সনজিব আলীর ছেলে মখলিছুর রহমান (৩৬) ও জমির আলীর ছেলে খসরু মিয়া (৩৪)।
ওসি মো. ইউনুছ আলী বলেন, বাড়ির সীমানা নিয়ে মখলিছুরদের সঙ্গে চাচাতো ভাই শাহাদত হোসেন ও আমজাদ হোসেনের বিরোধ চলছিল।
সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাহাদত ও আমজাদের পক্ষের লোকজন মখলিছুর ও খসরুকে দা ও ছুলপি দিয়ে আঘাত করে।
গুরুতর আহত মখলিছুর ও খসরুকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলেও ওসি জানান।
