২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ফাঁড়িতে হামলা, বিদ্যুতের খুঁটি উৎপাটন

নির্বাচনের তফসিল ঘোষণার সময় সাতক্ষীরায় দেবহাটা উপজেলায় পুলিশ ফাঁড়িতে হামলার পর জামায়াত-শিবির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 10:11 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

সোমবার সন্ধ্যায় গাজিরহাট গরাণবাড়িয়া পুলিশ ফাঁড়িতে হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ গুলি বর্ষণ করেছে।

এরপর বিদ্যুতের কয়েকটি খুঁটি উপড়ে ফেলায় দেবহাটার গাজীরহাট, গরাণবাড়িয়া, নলতা, সখীপুর, হাদিপুর, জগন্নাথপুরসহ ২০/২৫টি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় জামায়াত-শিবির সমর্থকদের একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি গরাণবাড়িয়া পুলিশ ফাঁড়িতে গিয়ে হামলা করে। ওই সময় তারা হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

সাতক্ষীরা কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তাজুল ইসলাম জানান, জামায়াত-শিবির কর্মীরা পুলিশ ক্যাম্পে আক্রমণ করে বোমা নিক্ষেপ করার পর পুলিশ বাধ্য হয়ে গুলি চালিয়েছে।

৬০/৬৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।