১০০ আসনে প্রার্থী দেবে ইসলামী ফ্রন্ট
দশম জাতীয় সংসদ নির্বাচনে একশ’ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান এম এ মান্নান এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন। ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে দলটি এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়।
মান্নান বলেন, “সরকার ও বিরোধী দলের ক্ষমতার দ্বন্দ্ব রাজপথে মারাত্মক ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে। দুই প্রধান দলের একগুয়েমির কারণে জনগণ আশানুরূপ কোনো সমাধান পায়নি।
“আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক বিরোধের সুযোগে ওহাবি, হেফাজতি, মওদুদি জামায়াতি ও জঙ্গিবাদিরা তাণ্ডবে লিপ্ত হওয়ার সুযোগ পাচ্ছে। এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে।”
প্রধান বিরোধী দলকে সর্বদলীয় সরকারে যোগ দিতে ও নির্বাচনে অংশ নিতে আহ্বান জানান মান্নান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক স উ ম আবদুল সামাদ, চট্টগ্রাম নগর সভাপতি নুর ইসলাম জেহাদী, উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ তৈয়ব আলী, অধ্যাপক আবু তালেব ও জাকির হোসেন।
