২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় হাতবোমা বিস্ফোরণ, দুই পুলিশ আহত

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বগুড়ায় ১৮ দলের সমর্থকদের হাতবোমা হামলায় এক অতিরিক্ত পুলিশ সুপারসহ দুইজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 09:35 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

সোমবার রাতে এ হামলা হয় বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (সদর ও মিডিয়া) গাজীউর রহমান। 

আহতরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন এবং ট্রাফিক ইন্সপেক্টর মিরাজুল ইসলাম। তাদেরকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার (সদর ও মিডিয়া) গাজীউর রহমান বলেন, তফসিল ঘোষণার পরপরই ১৮ দলীয় জোট বিক্ষোভ মিছিল বের করে। শহরের সাতমাথা এলাকায় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ১৫/২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা।

এ সময় পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

রাত সাড়ে ৮টায় একই জায়গায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা দ্বিতীয় দফায় পুলিশকে লক্ষ্য করে হাতবোমা হামলা চালায়।

এ সময় আহত হন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন।

সাতমাথায় তৃতীয় দফা হাতবোমা হামলায় আহত হন ট্রাফিক পুলিশের ইনন্সপেক্টর মিরাজুল।

গাজীউর রহমান আরো জানান, আটকদের মধ্যে চারমাথা এলাকা থেকে আটক তিনজনের কাছে একটি পেট্রোলের জার ও ৪টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। তারা গাড়ি পোড়ানোর প্রস্তুতি নিচ্ছিল।

এ ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে র‌্যাব-পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।