আর অপেক্ষা করতে পারছি না: সিইসি
জনগণের প্রত্যাশা পূরণ করতে সব রাজনৈতিক দলকে সমঝোতার মাধ্যমে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতেই এই আহ্বান জানান সিইসি।
তিনি বলেন, “আশা করি জনগণের প্রত্যাশা পূরণে সকল রাজনৈতিক দল এগিয়ে আসবে এবং একটা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সকলের অংশ গ্রহণে একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ তাদের রায়ের প্রতিফলন দেখতে পাবেন।”
এই ভাষণেই তার দশম সংসদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করার কথা রয়েছে।
সিইসি ভাষণে বলেন, রাজনৈতিক সমঝোতার জন্য তারা অপেক্ষা করলেও সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য তারা আর অপেক্ষা করতে পারছেন না।
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সিইসির এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচার করা হচ্ছে।
এর আগে দুপুরে সিইসি বলেন, “আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়া হবে। তখন বিস্তারিত জানতে পারবেন। সঙ্গে তফসিল দেয়া হবে।”
সিইসির ভাষণ ধারণের জন্য দুপুরেই প্রস্তুতি শুরু হয় কমিশন কার্যালয়ে। বিটিভির মহাপরিচালক ম হামিদ নিজে উপস্থিত থেকে সিইসির কক্ষ সাজানোর বিষয়টি তদারক করেন। পরে কাজী রকিবের প্রায় আধা ঘণ্টার এই ভাষণ ধারণ করা হয়।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে রেকর্ডিং শেষে কমিশনের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সিইসি বলেন, তার ভাষণে ‘সব’ প্রশ্নের উত্তর মিলবে।
সর্বশেষ নবম সংসদ নির্বাচনের সময়ও তখনকার সিইসি এটিএম শামসুল হুদা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভোটের সূচি ঘোষণা করেছিলেন।
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ গত শুক্রবার জানান, সোমবারের মধ্যেই দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
একই দিনে বিএনপির পক্ষ থকে হুমকি দেয়া হয়, নির্বাদলীয় সরকারের ব্যবস্থা না করে তফসিল দিলে দেশ অচল করে দেবে তারা।
এই পরিস্থিতিতে সোমবার সকাল থেকেই নির্বাচন কমিশন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।
সকালে শেরে বাংলা নগরে কমিশনের আশেপাশে পুলিশ ও র্যাব সদস্যদের সতর্ক থাকতে দেখা যায়। কমিশনের পাশেই বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের পাশে দেখা যায় পুলিশের সাঁজোয়া যান।
কমিশনের প্রধান ফটকে পুলিশি পাহারার পাশাপাশি বসানো হয়েছে আর্চওয়ে। পরিকল্পনা চত্বরের বাইরে ও প্রবেশ পথেও পুলিশ রয়েছে।
মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ওয়াহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। এই পরিপ্রেক্ষিতে তাদের চাহিদা অনুসারে পুলিশ-র্যবসহ আইন শৃঙ্খলা বাহিনীর দেড়শ সদস্যকে মোতায়েন রাখা হয়েছে।”
