২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় কারখানার আগুন নিভেছে ৪ ঘণ্টা পর

আশুলিয়ায় দুটি পোশাক কারখানার গুদামে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হযেছে।  

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 06:11 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

সোমবার বিকাল ৪টার দিকে জিরাব এলাকার ‘আমান স্পিনিং মিলস লিমিটেড’ ও পাশের টংগাবাড়ীর ‘মন্ডল ফ্যাশনস লিমিটেডের’ দুটি গুদামে আগুন ধরে। চার ঘণ্টা পর রাত ৮টার দিকে আগুন নিভিয়েছে দমকল বাহিনী। 

আগুন নেভাতে এবং হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১৫ জন আহত হয়। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিদর্শক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল পৌনে ৪টার দিকে আমান স্পিনিং মিলস লিমিটেডের টিন শেডের তুলার গুদামে আগুন ধরে। 

কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামের সব তুলা পুড়ে যায়।

এদিকে, এ অগ্নিকাণ্ডের পৌনে এক ঘন্টা পর পাশের টংগাবাড়ী এলাকার মন্ডল গ্রুপের মন্ডল ফ্যাশনস লিমিটেডের ছয় তলার কারখানাটির নিচতলার গুদামে আগুন ধরে।

এতে গুদামে মজুদ সব তৈরি পোশাক পুড়ে যায়। তবে, ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

এ অগ্নিকাণ্ড নাশকতা নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তা নিশ্চিত করে বলতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

আমান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপক (গোডাউন) আব্দুল মুকিত জানান, তাদের গুদামে এক হাজার টন তুলা রক্ষিত ছিল। ভয়াবহ এ আগুনে সব তুলা পুড়ে গেছে।   

কি কারণে অগ্নিকাণ্ড হয়েছে তা তিনি জানাতে পারেননি।

ডিইপিজেড দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আব্দুর হামিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি কারখানারই গুদামে আগুন লেগেছে। সাভার, ধামরাই, ডিইপিজেড দমকল বাহিনীর ছয়টি ইউনিট কারখানা দুটিতে আগুন নেভানোর কাজ করেছে।