রাজধানীতে বেপরোয়া চালক গ্রেপ্তার
বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এক চালক ও তার সহকারীকে আটক করেছে রাজধানীর বনানী থানা পুলিশ।
মহাখালী আমতলী মোড়ে সোমবার বিকালে এক যাত্রী পুরোপুরি ওঠার আগেই বাস চালানোয় তাদের আটক করা হয় বলে বনানী থানার উপপরিদর্শক মকবুল হোসেন জানিয়েছেন।
আটকরা হলেন- মো. মুকুল ও সুজন। তারা গুলিস্তান-গাজীপুর রুটের একটি বাসের চালক ও সহকারী।
এসআই মকবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাখালী মোড়ে বাসটি দুজন যাত্রী তুলতে থামে। টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা মো. সাহেব আলী (৬৫)এবং তার মেয়ে সুলতানা পারভীন (৩৫)বাসে উঠার চেষ্টা করেন।
“সুলতানা বাসে উঠলেও তার বৃদ্ধ বাবা বাসে উঠার আগেই চালক চালাতে শুরু করে। এতে সোহেব আলী বাসের হাতল ধরলে তাকে হেচড়াতে হেচড়াতে বাসটি কিছুদূর এগিয়েও যায়।”
এ ঘটনা দেখে বাসটি থামিয়ে চালক ও তার সহকারীকে আটক করে থানায় নিয়ে যায় সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা।
আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী নেয়া হবে বলেও জানান এসআই মকবুল হোসেন।
