২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারিস্টার ফখরুলের রিমান্ড স্থগিত

সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলায় গ্রেপ্তার তার আইনজীবী ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলামের রিমান্ড স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 05:30 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

ফখরুলের আবেদনের শুনানি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।

রিমান্ড থেকে ফখরুলকে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। তবে তদন্তকারী কর্মকর্তা প্রয়োজন মনে করলে আসামিকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন।

আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারিক আদালতের দেয়া রিমান্ডের আদেশ কেন বাতিল করা হবে না- তা জানতে একটি রুলও দিয়েছে আদালত।

ঢাকার জেলার প্রশাসক ও ডিবির রমনা জোনের পরিদর্শক মো. হাবিল হোসেনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে বিএনপির তিন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং এমকে আনোয়ারসহ পাঁচজনকে দেয়া রিমান্ড হাই কোর্টে স্থগিত হয়ে যায়।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের খসড়া ফাঁসের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক রোববার ফখরুলকে চার দিনের রিমান্ডে পাঠায়।

গত ২০ নভেম্বর সেগুন বাগিচায় পাইওনিয়ার রোডের চেম্বার থেকে আইনজীবী ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, গত ১০ অক্টোবর ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী এবং ১৩ অক্টোবর ট্রাইব্যুনালের সাঁটলিপিকার ফারুক হোসেন বিচারকের কাছে যে স্বীকারোক্তি দিয়েছেন, তার ভিত্তিতেই ফখরুলকে গ্রেপ্তার করা হয়েছে।

ফখরুলের পরিকল্পনায় তার সহকারী মেহেদী হাসান পেনড্রাইভের মাধ্যমে রায়ের খসড়া কপি ট্রাইব্যুনাল থেকে সরিয়ে নিয়ে ওয়েবসাইটে প্রকাশ করেন বলে ওই দুই আসামি আদালতকে জানিয়েছেন বলেও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে।

গণমাধ্যমে ওই স্বীকারোক্তি প্রকাশের পর ফখরুল হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেও বিফল হন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয় আদালত। তবে রায়ের আগেই বিএনপি নেতার স্ত্রী ও তার পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালের সামনে ওয়েবসাইট থেকে সংগৃহীত ‘রায়ের কপি’ সংবাদকর্মীদের দেখান।

এরপর তুমুল আলোচনার মধ্যে ট্রাইব্যুনাল স্বীকার করে রায়ের খসড়া ফাঁস হয়েছে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ধারায় শাহবাগ থানায় মামলা করেন।

মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে ফারুক ও নয়ন বর্তমানে কারাগারে রয়েছেন। অন্য আসামি ফখরুলের সহকারী মেহেদী এখনো পলাতক।

পুরনো খবর:

রিমান্ড স্থগিতের আবেদন ব্যারিস্টার ফখরুলের