১০ ট্রাক অস্ত্র মামলায় যুক্তিতর্ক শুরু
বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে।
যুক্তিতর্ক শুনানির প্রথম দিন সোমবার চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে যুক্তি উপস্থাপন শুরু করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন আহম্মেদ।
এর আগে আদালতের কার্যক্রমের শুরুতে আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন তার আইনজীবী।
জামিন শুনানির বিষয়ে বক্তব্য দিতে সময় প্রার্থনা করে আদালতে লিখিত আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরপর যুক্তিতর্ক শুনানি শুরু হয়।
পিপি কামাল ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে সিইউএফএল জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র আটকের ঘটনার বর্ণনা দেন।
তিনি বলেন, বিশ্বের ইতিহাসে এ ঘটনা বিরল। বাংলাদেশের মাটি ও জলসীমা ব্যবহার করে চীন থেকে নরেন কো নামে একটি প্রতিষ্ঠানের তৈরি এসব অস্ত্র আনা হয়। এসব বাংলাদেশের ভেতরে ব্যবহারের জন্য আনা হয়নি।
“বন্ধু রাষ্ট্র ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য এসব অস্ত্র আনা হয়। একটি সার্বভৌম দেশে নিার্বচিত সরকার থাকাকালে পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে ব্যবহারের জন্য এই অস্ত্র আনা হয়।”
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের অবদান তুলে ধরে দেশটির বিরুদ্ধে এই ঘটনাকে ‘দুঃখজনক’ আখ্যায়িত করে তিনি বলেন, “জাতি দ্রুত এর বিচার চায়, আন্তর্জাতিক সম্প্রদায়ও চায়।”
পিপি কামাল বলেন, “তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ ছাড়া এটা হতে পারে না।
তাই সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা লুৎফুজ্জামান বাবর ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মতিউর রহমান নিজামীসহ যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গেছে তাদের আসামি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
“আসামিপক্ষ বারবার বলে থাকে, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এদের আসামি করা হয়েছে। এটা সত্য নয়। যদি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্য থাকত তবে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াও আসামি হতেন।”
“আসামি সাহাবুদ্দিন হাওয়া ভবনেও গেছেন, আমরা তো হাওয়া ভবনের কর্ণধার তারেক রহমানকে আসামি করিনি। যারা সরাসরি জড়িত, শুধু তাদের আসামি করা হয়েছে।”
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে সিইউএফএলের জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক করে পুলিশ।
গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রপক্ষের আবেদনে অধিকতর তদন্ত শেষে ২০১১ সালের ২৬ জুন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, সাবেক শিল্পমন্ত্রী নিজামীসহ নতুন আরো ১১ জনকে আসামি করা হয়।
সোমবার শুনানিতে কঠোর নিরাপত্তায় নিজামী-বাববরসহ অন্য আসামিদের চট্টগ্রাম আদালতে আনা হয়।
