অবৈধ ক্ষমতা দখলের পথ বন্ধ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধ ক্ষমতা দখলের পথ বন্ধ হয়েছে। অসাংবিধানিকভাবে কেউ ক্ষমতা দখল করলে তার বিচার হবে।
সোমবার সকালে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ভবনের উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আদালত রায়ে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করায় আন্তরিক ধন্যবাদ জানান শেখ হাসিনা।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কথা উল্লেখ করে তিনি বলেন, “কেউ যদি সংবিধান লংঘন করে ক্ষমতা দখল করে তাহলে তার বিচার হবে। তার ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থাও সংবিধানে রাখা হয়েছে।”
প্রধানমন্ত্রী বলেন, “আমরা জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি।”
এ প্রসঙ্গে সিটি কর্পোরেশন নির্বাচনের কথা তুলে ধরে তিনি বলেন, “এতগুলো সিটি কর্পোরেশনে আমরা হারলাম। বিরোধীদল জিতে গেল।
“আমরা কেন করেছি? জনগণের ক্ষমতা নিশ্চিত করবার জন্য। আমাদের তরুণ সমাজের জন্য একটি সুন্দর ভবিষ্যত রাখার জন্য। একটা গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য। সাংবিধানিক ধারা যেন অব্যাহত থাকে- তার জন্য।”
সাংবিধানিক ধারা অব্যাহত রেখে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
বিএনপির নীতিনির্ধারকদের উদ্দেশ্যে তিনি বলেন, “নির্বাচনকালীন সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার; আমি বিরোধী দলকে আহবান করেছিলাম যে, আপনারাও আসেন। আমাদের অন্তত কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে। একটা জায়গা থেকে আমাদের তো শুরু করে দিয়ে যেতে হবে।
“ভবিষ্যত প্রজন্ম যেনো গণতান্ত্রিক বিধি-ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের জীবন কাটাতে পারে।আমাদের মতো চড়াই-উৎরাই, ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যেনো তাদের চলতে না হয়।”
“সে আহবান এখনো আমার রয়েছে।”
ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, “পার্লামেন্টে প্রায় ৯০ ভাগ সিট আমাদের। তারপরও আমরা বিরোধী দলকে আহবান করেছি যে, আপনারা আসেন। সবাই মিলে, নির্বাচন নিয়ে যেনো কোনো সন্দেহ না থাকে, সকলে মিলে নির্বাচন পরিচালনা করে আমরা একটা ভিত্তি তৈরি করে যাই।”
তিনি বলেন, ‘৭৫ এর ১৫ অগাস্ট নির্বাচিত সরকার প্রধানকে হত্যা করে মিলিটারি ডিকটেটর ক্ষমতা দখল করে। এরপর ৩৮ বছর বাংলাদেশে যখনই নির্বাচন এসেছে তখনই কোনো না কোনো গোলমাল বা সমস্যা সৃষ্টি হয়েছে।
শেখ হাসিনা বলেন, “এই ৩৮ বছর নির্বাচনকালীন সময়ে একটা এডহক বেসিসে ব্যবস্থা নিয়ে নির্বাচন হয়েছে এবং নির্বাচনকালীন সময়ে কি অবস্থা হতো- তা আপনাদের বলে বোঝানো লাগবে না।
“নির্বাচন মানেই দশটা হোন্ডা আর বিশটা গুন্ডা। ভোট চাইতে বাড়ি বাড়ি যেতে হতো না। ভোটের বাক্স ভরে বা ঘোষণা দিয়ে- মানে মিডিয়া ক্যু করেই ভোটের রেজাল্ট ডিক্লেয়ার করা হতো।”
বিভিন্ন আন্দোলনের কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা এর বিরুদ্ধে সংগ্রাম করেছি। আন্দোলন করেছি। একটা নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দেবে- এটা তাদের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার। সরকার কে গঠন করবে- তা জনগণ ভোট দিয়ে নিশ্চিত করবে।
বর্তমান সরকারের আমলে জাতীয় সংসদের উপ-নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যায়ে হয়ে যাওয়া পাঁচ হাজার ৮০৩টি নির্বাচনে ৬৪ হাজার ২৩ জন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “কোথাও কোনো অভিযোগ উঠেনি।”
“রুলিং পার্টি হয়েও আমরা অনেক নির্বাচনে হেরে গেছি। জনগণ ভোট দেয়নি। জনগণের রায় মাথা পেতে নিয়েছি। ভোট কেড়ে নেওয়ার চেষ্টা আমরা করি নাই।”
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই বলেন, মানুষ শেষ বিপদে পড়লে আদালতের শরণাপন্ন হতে হয়। রাজনীতিবিদদের তো আদালতের শরণাপন্ন হতে হয়। কখনো ক্ষমতার মসনদ আবার কখনো আদালত।
“নিপীড়িত-বঞ্চিত মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার শেষ আশ্রয়স্থল হিসেবে আদালতের শরণাপন্ন হন। আর আদালতে প্রজ্ঞা ও নিষ্ঠার সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠার মত গুরুদায়িত্ব পালন করে থাকেন বিচারকরা। বিচার প্রক্রিয়া একটি সুসম এবং সমন্বিত প্রক্রিয়া যেখানে বার ও বেঞ্চ উভয়ের গুরুত্ব অপরিসীম।”
‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’- সংবিধানের ২৭ অনুচ্ছেদে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এই নির্দেশনা মেনেই আমাদের চলতে হবে।”
বঙ্গবন্ধু হত্যার বিচারের প্রতিবন্ধকতা ইনডেমনিটি অধ্যাদেশের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমার কি আশ্রয় পাবার অধিকার ছিল না? আমাদের কি বিচার পাবার অধিকার ছিল না? শুধু আমি আর আমার বোন না, আরো অনেকে বিচার পাবার অধিকার থেকে বঞ্চিত ছিল।”
তিনি বলেন, “এদেশের মানুষ আইনের শাসন পাবে, বিচার পাবে। বিচারের বাণী যেন নিরবে, নিভৃতে না কাঁদে। যে ভাবে আমাদের কাঁদতে হয়েছে ৩২টা বছর, ৩৩টা বছর। এভাবে যেনো কাউকে কাঁদতে না হয়। সবাই যেনো ন্যায়বিচার পায়”
পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলার বিচারের জন্য বিচারক, আইনজীবী, সাক্ষী ও বিচার কাজে সহায়তাকারী সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
