২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়নপ্রত্যাশার জট সড়কে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা গাড়ি রাখায় রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সামনের রাস্তায় তৈরি হয় যানজট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 11:15 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

রাত সাড়ে ৮টা পর‌্যন্ত গাড়িজট খুলতে হিমশিম খেতে থাকা দায়িত্বপালনকারী একাধিক ট্রাফিক পুলিশ কর্মকর্তারা বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গাড়ি পার্ক করতে বলা হলেও ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশীরা তা তোয়াক্কা করছেন না।

রাত ৮টায় গণভবনের সামনের এলাকা ঘুরে দেখা যায়, গণভবনের সামনের রাস্তায় তিনটি সারি পেরিয়ে রাস্তার উল্টোদিকে রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনের রাস্তায়ও মনোনয়ন প্রত্যাশীদের গাড়ির সারি। 

ট্রাফিক নিয়ন্ত্রন করতে থাকা এক ট্রাফিক সার্জেন্ট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শুরু থেকেই ওনাদের বলেছি এখানে গাড়ি পার্ক করে রাস্তা বন্ধ করবেন না। গাড়ি পার্ক করার জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্যবস্থা করা হয়েছে।

“কিন্তু ওনারা কোন কথাই শুনছেন না। আমরা কি করবো। আর এ কারণেই রাস্তায় যানজট তৈরি হয়েছে।”

গণভবনে সামনের সড়কে অন্তত ৪০০টি গাড়ি পার্ক করা হয়েছে বলে জানান তিনি।

“এছাড়াও সংসদ ভবনের পেছনে, রেসিডেন্সিয়াল কলেজের সামনের রাস্তায় সহ আশে পাশের এলাকাতেও আরো কয়েকশ গাড়ি রাথা হয়েছে।”

গণভবনের প্রধান ফটকের ঠিক সামনে বান্দরবান এলাকার সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বীর বাহাদুর এর জলপাই রংয়ের একটি গাড়ী রাখা ছিল।

কেন গাড়ি রেখেছেন জানতে চাইলে চালক পাল্টা প্রশ্ন করে বলেন, “আপনি কে?”

সেখানে আরো ছিল ঢাকার গেন্ডারিয়া এলাকার সাংসদ মিজানুর রহমান খান দীপুর গাড়ী।

দীপুর জন্য অপেক্ষারত জনৈক সৈয়দ মোসাব্বের হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে নিজেকে যুবলীগ নেতা বলে পরিচয় করিয়ে দেন।

তিনি বলেন, “প্রায় চার ঘন্টা ধরে সংসদ সদস্য দীপুর জন্য অপেক্ষা করছি।”

তার পাশেই রাখা ছিলো একটি সাদা প্রভোক্স গাড়ি। পেছনে লেখা ঢাকা দায়রা জজ(গাড়ীর নম্বর ঢাকা মেট্রো গ ২৩-৯৯৪২)।

পাশে অপেক্ষারত কয়েকজন জানান অনেকক্ষন থেকে চালককে পাওয়া যাচ্ছে না।

কুষ্টিয়া সদর আসনের মনোনয়ন প্রত্যাশী এবং উপজেলা চেয়ারম্যান আমিনুল হক রতনের জন্য রুপালী রংয়ের একটি নোয়াহ গাড়ীকে অপেক্ষা করতে দেখা যায়।

গাড়ীর চালক জাভেদ বলেন, “দুপুর ১২টা থেকে এখানে।”

গুরুত্বপূর্ণ সড়কটির যানজটে ভোগান্তিতে পড়ে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় অনেককে।

বিআরটিসি এর একটি দোতলা বাসে করে শ্যামলী থেকে কলাবাগান যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা রোমানা ফেরদৌস।

তিনি বলেন, “ওনারা এখনো এমপি হননি আর এখনই আইন ভাঙছেন। এমপি হলে কি করবেন।”

একই বাসে ক্ষোভ শোনা যায় জনৈক আনোয়ারুল হকের কন্ঠে।

তিনি বলেন, “আমাদের দেশের রাজনীতিবীদদের মধ্যে কোন ধরনের শৃংখলাবোধ নাই। এরা কীভাবে দেশ চালাবেন?”