২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ২০

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পুলিশ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে পাচঁ পুলিসসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 10:08 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

রোববার বিকালে বরিশাল মেট্রোপলিটান বিমানবন্দর থানা ও বাবুগঞ্জ থানার সীমান্তবর্তী স্টিলব্রিজ এলাকায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আট জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন সেলিম সরদার, মো. মারুফ, শহীদুজ্জামান রনি, শাহদাত হোসেন, সাইফুল ইসলাম, আব্দুর রহিম, মিজানুর রহমান ও ইমরান। এরা সবাই বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

সংঘর্ষে বিমানবন্দর থানার এসআই আব্দুল হালিম তালুকদার ও কনস্টেবল উত্তম আহত হয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক  আবুল খায়ের।

অন্যদিকে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. শাহে আলম জানান, এ ঘটনায় তাদের এসআই আমানুল্লাহ, এএসআই আব্দুর রব ও কনস্টেবল আবেদ আলী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্টিলব্রিজ এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি।

মিছিল শুরুর আগেই ব্রিজের দুই প্রান্তে অবস্থান নেয় বিমানবন্দর ও বাবুগঞ্জ থানা পুলিশ।

মিছিলটি ব্রিজ অতিক্রম করতে চাইলে বাবুগঞ্জ থানা পুলিশ তাদের বাধা দেয়। এ সময় মিছিলের পিছন থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা।

পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে। ছত্রভঙ্গ হয়ে আবারো পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দর ও বাবুগঞ্জ থানা পুলিশ ২০ রাউন্ড গুলি ছোঁড়ে বলে জানান বিমানবন্দর থানার উপ-পরিদর্শক আবুল খায়ের ।

সংঘর্ষে আহত উপজেলা বিএনপির সভাপতি ইসরত হোসেন কচি বলেন, কোনো উস্কানি ছাড়াই দুই থানার পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে লাঠিপেটা ও গুলিবর্ষণ করেছে।

এতে তিনিসহ তাদের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

বাবুগঞ্জ থানার ওসি মো. শাহে আলম বলেন, মিছিলের নামে নেতাকর্মীরা যানবাহনে ভাংচুরের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা।