২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ডিসেম্বর মতিঝিলে সমাবেশের ডাক হেফাজতের

সমাবেশ থেকে তাণ্ডবের আট মাস পর রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলে আবার একই কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 06:41 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

নির্বাচন নিয়ে দেশের রাজনীতিতে উত্তুঙ্গ অবস্থার মধ্যে রোববার এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর শাপলা চত্বরে সমাবেশ করবে তারা।

মতিঝিলে সমাবেশের ঘোষণা গত নভেম্বর মাসে একবার দিয়ে পরে পরে ইজতেমা ও আশুরাকে কারণ দেখিয়ে তা স্থগিত করেছিল হেফাজত।

রোববার হাটহাজারী মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেন, ২৪ ডিসেম্বর শাপলা চত্বরে তাদের মহাসমাবেশ হবে।

১৩ দফা দাবি বাস্তবায়ন, গত ৫ মে শাপলা চত্বরে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও নিরপেক্ষ তদন্ত এবং ওই ঘটনায় গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে  ও মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি ডাকা হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে ২৯ নভেম্বর সারা দেশের উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণাও দেন বাবুনগরী। বিক্ষোভের পর বিভিন্ন জেলায় শানে রেসালাত সম্মেলন করবে সংগঠনটি।

শাহবাগ আন্দোলনের বিরোধিতায় সক্রিয় হয়ে ওঠা হেফাজত গত ৫ মে মতিঝিলে সমাবেশ করেছিল। ওই দিন দিনভর মতিঝিল সংলগ্ন এলাকায় তাদের তাণ্ডবের পর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাদের তুলে দেয়া হয়।  

দিনভর তাণ্ডবে ১০ জনের বেশি নিহত হলেও রাতের অভিযানে কেউ নিহত হয়নি বলে সরকারের পক্ষ থেকে বলা হয়। তবে হেফাজতের দাবি, ওই অভিযানে বহু নিহত হন।

Image
গত ৫ মে মতিঝিলে সমাবেশের সময় সহিংস হেফাজতকর্মীরা।

গত ৫ মে মতিঝিলে সমাবেশের সময় সহিংস হেফাজতকর্মীরা।

সংবাদ সম্মেলনে হেফাজতের যুগ্মমহাসচিব মাঈনুদ্দীন রুহী অভিযোগ করেন, সরকার ‘নাস্তিকদের প্রশ্রয়’ দিতে হেফাজত ইসলামের অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিকভাবে আঘাত করছে।

বিএনপি-জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতার কথা বলে দেশের মানুষকে ‘বিভ্রান্ত’ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হেফাজত আমির শাহ আহমদ শফী ‘কুৎসা রটনার’  শিকার বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আহমদ শফীর পক্ষে লিখিত বক্তব্য পড়েন মাঈনুদ্দীর রুহী। সংগঠনের নায়েবে আমির হাফেজ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, শফীর ছেলে আনাছ মাদানি এ সময় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

‘শান্ত’ মতিঝিলে ধ্বংসের চিহ্ন
সমাবেশের নিয়ন্ত্রণ ‘হারিয়েছিলো’ হেফাজত