তুর্য্য হত্যা: ফাঁসির ৫ আসামির সাজা কমল
পূরবী জুয়েলার্সের মালিক জগন্নাথ ঘোষের ছেলে তুর্য্য ঘোষ রনি হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পাঁচ আসামির মধ্যে চারজনের সাজা কমিয়ে একজনকে খালাস দিয়েছে হাই কোর্ট।
বিচারিক আদালতের ফাঁসির দণ্ড কার্যকরের আবেদন (ডেথ রেফারেন্স) ও আসামিদের আপিলের শুনানি শেষে বিচারপতি আব্দুল হাই ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ রোববার এ রায় দেয়।
এই রায়ে ক্ষোভ প্রকাশ করে আপিল করার কথা জানিয়েছে তুর্য্যের পরিবার।
বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত শাহাদাত হোসেন লিটন ও তার ভাই আল মামুনের সাজা কমিয়ে যাবজ্জীবন দণ্ড দিয়েছে হাই কোর্ট।
আবু সাঈদ ও শামসুন নাহার শিউলীকে দেয়া হয়েছে সাতবছর করে কারাদণ্ড। অপর আসামি ফরহাদ আলম হীরাকে খালাস দেয়া হয়েছে।
সাঈদ ও শিউলী ইতোমধ্যে সাত বছর কারাগারে কাটানোয় এখন তারা মুক্তি পাবেন বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।
রায়ের পর তুর্য্যের মা সুচিত্রা রাণী ঘোষ বলেন, “আমরা এই রায়ে সন্তুষ্ট নই। এখানে রায়ের নামে প্রহসন হয়েছে। এই রায় মানা যায় না। আসামিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আদালত কাউকে মৃত্যুদণ্ড দিল না। তাহলে আমার ছেলের কী হয়েছে?”
রায়ের পর তুর্য্যের মায়ের সঙ্গে বাবা জগন্নাথ ঘোষকেও কাঁদতে দেখা যায়।
হাই কোর্টে আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ ও খবির উদ্দিন ভূঁইয়া। বাদীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আনিসুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী।
যাবজ্জীবনপ্রাপ্ত দুই আসামির আইনজীবী আমিনুল ইসলাম বলেন, “আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব।”
মামলার বিবরণীতে বলা হয়, আসামিরা ২০০৬ সালের ২৯ অক্টোবর তুর্য্যকে তার উত্তরার বাসা থেকে ডেকে নিয়ে রামপুরায় শিউলির ভাড়া বাসায় আটক রাখে। এরপর তার পরিবারের কাছে দাবি করা ১ কোটি টাকা না পেয়ে পরে তাকে হত্যা করা হয়।
হত্যার বিষয়টি গোপন করে অপহরণকারীরা পরিবারের কাছে টাকা দাবি করে যেতে থাকে। পরে ১০ লাখ টাকা ও সাড়ে ১০ ভরি সোনার গয়না দিয়েও ছেলেকে ফেরত না পেয়ে ওই বছর ৭ নভেম্বর উত্তরা থানায় মামলা করেন তার বাবা।
এরপর ১১ ডিসেম্বর র্যাব তুর্য্যের গলিত লাশ উদ্ধার করলে অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। ২০ ডিসেম্বর গ্রেপ্তার হন আসামি আবু সাঈদ। আদালতে স্বীকারোক্তিমূক জবানবন্দিও দেন তিনি, যাতে অন্য আসামিদের সংশ্লিষ্টতা উঠে আসে বলে মামলার অভিযোগপত্রে জানানো হয়।
গোয়েন্দা পুলিশ ২০০৭ সালের ৩ মার্চ পাঁচ আসামির বিরুদ্ধে ওই অভিযোগপত্র দাখিল করে। ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০০৮ সালের ২৩ জানুয়ারি পাঁচ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেয়।
এরপর আদালতের এই দণ্ডাদেশ অনুমোদনের জন্য হাই কোর্টে পাঠানো হয়। পাশাপাশি কারাবন্দি আসামিরা সাজার বিরুদ্ধে হাই কোর্টে আপিল করে।
ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে হাই কোর্ট রায় ঘোষণা করল।
