২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১৬৩ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

গ্যাস সংকটের কারণে উদ্বোধনের পাঁচদিনের মাথায় চাঁদপুরে ১৬৩ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 05:26 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

এক হাজার দুইশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রটি বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছিলেন। ওইদিন তিনি চাঁদপুরের আরো ৯টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুধু গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। কবে নাগাদ তা আবার চালু হবে তা বলা যাচ্ছে না।

বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা আরো জানান, দেড় সপ্তাহ ধরে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ। প্রধানমন্ত্রী যেদিন কেন্দ্রটি উদ্বোধন করেন সেদিনও এখান থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হয়নি।

বাখরাবাদ গ্যাস ক্ষেত্র কেন্দ্র থেকে চাঁদপুরের এই বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হচ্ছিল। কিন্তু দেড় সপ্তাহ ধরে বিভিন্ন সার কারখানায় গ্যাস সরবরাহের কারণে চাঁদপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

বাখরাবাদ গ্যাস কেন্দ্র থেকে চট্টগ্রাম, আশুগঞ্জ, জিয়া সার কারখানাসহ বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ করা হয়ে থাকে।