২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজা: প্রতিবেদন না দেয়ায় তদন্ত কর্মকর্তাকে নোটিস

সাত মাস পেরিয়ে যাওয়ার পরও রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের দুই মামলার তদন্ত প্রতিবেদন না দেয়ায় তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 04:49 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী সুপারিন্টেন্ডেন্ট বিজয় কৃষ্ণ করকে এর ব্যাখ্যা দিতে হবে।

রোববার নির্ধারিত দিনে বিজয় কৃষ্ণ ফৌজদারী ও ইমারত আইনের দুই মামলায় তদন্ত প্রতিবেদন না দেয়ায় ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী শহিদুল ইসলাম এই আদেশ দেন। 

এ আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ২৪ ডিসেম্বর মামলার শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ওই দিনের মধ্যে তদন্ত কর্মকতাকে শো কজের জবাব দিতে হবে।”

তিনি জানান, দুই মামলায় মোট ২২ জন আসামির মধ্যে রানা প্লাজার মালিক সোহেল রানার বাবা আব্দুল খালেক (কুলু খালেক) ও প্রকৌশলী ইন্তেমামসহ আট জন হাইকোর্ট থেকে জামিনে মুক্ত আছেন। বাকি ১৪ জন রয়েছেন কারাগারে।

সকালে আদালতের কার্যক্রম শুরুর সময় ২২ আসামির সবাই আদালতে হাজির ছিলেন। রানা প্লাজার মালিক সোহেল রানাকেও আদালতে হাজির করা হয়। 

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রানা বলেন, “আমিও চাই দ্রুত চার্জশিট দেয়া হোক।”

গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা রানা প্লাজা ধসে অন্তত ১১৩০ জনের মৃত্যুর ঘটনায় রানাসহ আসামিরদ বিরুদ্ধে এ দুটি মামলা হয়।