২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাফরের ‘অভিমানে’ শাস্তি নয়, জানালেন এরশাদ

হুসেইন মুহাম্মদ এরশাদকে ‘বিশ্বাসঘাতক’ বলায় কাজী জাফর আহমদকে দল থেকে বহিষ্কারের গুঞ্জন উঠলেও তা নাকচ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 01:37 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

রোববার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা তাকে ছাড়তে চাই না। সে (কাজি জাফর) এই বিবৃতি দিলেও আমাদের সঙ্গে আছে, না দিলেও আমাদের সঙ্গে আছে। সবাইকে নিয়েই জাতীয় পার্টি ক্ষমতায় যেতে চায়।”

জাতীয় পার্টি শেখ হাসিনা নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকারে অংশ নেয়ায় শনিবার এক বিবৃতিতে দলের প্রধানকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যায়িত করে শনিবার একটি বিবৃতি দেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর।

জাতীয় পার্টির নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল নেতাদের সোচ্চার হওয়ারও আহ্বান জানান এরশাদ সরকারের এই প্রধানমন্ত্রী।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে একসাথে আছি। একসাথে রাজনীতি করছি। জাফর ইজ আওয়ার ফ্যামিলি মেম্বার। সে অভিমান করে থাকতে পারে। যদি অভিমান করে কোনো কাজ করে থাকে, সেটা আমাদের সম্পর্কেও প্রভাব ফেলবে না।”

ওই বিবৃতি কাজী জাফরের কিনা- তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন এরশাদ।

“আমি আজ সকালেও তাকে দেখতে গিয়েছিলাম। সে বেশ অসুস্থ, ফুসফুসে পানি এসেছে। বিবৃতিটি আদৌ তার কি না সে বিষয়ে সন্দেহ আছে। আমি বিশ্বাস করতে চাই জাফর এই বিবৃতি দেয়নি।”

বিভিন্ন দলীয় কর্মসূচিতে সরকারবিরোধী অবস্থান নিয়ে এরশাদ গত কিছুদিন ধরেই বলে আসছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে জাতীয় পার্টিও যাবে না।

এরপর গত ১৮ ডিসেম্বর অনেকটা আকষ্মিকভাবেই এরশাদ ঘোষণা দেন- ‘দুর্নীতিবাজ’ আওয়ামী লীগের শাসন থেকে জনগণকে ‘মুক্ত’ করতে এবং দেশে ‘গণতন্ত্র প্রতিষ্ঠা করতে’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে।

জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থান পরিবর্তনেই দৃশ্যত ক্ষুব্ধ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর তার বিবৃতিতে অভিযোগ করেন, অধিকাংশ নেতাকে অবহিত না করে এবং পার্টির সর্বোচ্চ ফোরামকে সম্পূর্ণ উপেক্ষা চেয়ারম্যান এই সিদ্ধান্ত নিয়েছেন।

অবশ্য কাজী জাফরের এ অভিযোগ মানতে রাজি নন এরশাদ। 

তিনি সাংবাদিকদের বলেন, “সব বিষয়ে সবার সাথে আলোচনা করা যায় না, করতেও হয় না। পার্টির অধিকাংশ প্রেসিডিয়াম সদস্যের সাথেই আলোচনা হয়েছে, তারা নির্বাচনের অংশ গ্রহণের পক্ষে মত দিয়েছেন।”

বিবৃতিতে কাজী জাফর তৃণমূলের কর্মীদের ‘প্রতিবাদী’ হতে বলে থাকলেও তাতে জাতীয় পার্টির ভেতরে প্রভাব ফেলবে না মন্তব্য করে এরশাদ বলেন,‘‘ আমি জাতীয় পার্টির চেয়ারম্যান। আমি বলছি, নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নেই।”

পুরনো খবর:

এরশাদ বিশ্বাসঘাতক: কাজী জাফর