২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুচ্ছ ঘটনার জেরে উলাইল রণক্ষেত্র

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অগ্নি নির্বাপক বাহিনী ও পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 11:27 AM

Updated : 25 Apr 2022, 07:34 PM

রোববার সকালে এ  চলাকালে ক্ষুব্ধ শ্রমিকরা ফয়ার ব্রিগেডের কার্যালয়ে হামলা চালায় এবং দমকলের গাড়িসহ অন্তত ৩০টি যানবাহন ভাংচুর করে।

এ সময় তারা ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে এবং একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।

পরে পুলিশ ও র‌্যাব রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে বলে শিল্প পুলিশ-১ সাভার ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান।

শ্রমিকরা ভাংচুরের পাশাপাশি ফায়ার ব্রিগেডের কোয়ার্টারসহ অফিসে লুটপাট চালিয়েছে বলেও অভিযোগ করেছেন সাভার ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার খান খলিলুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ৮টার দিকে সাভারের উলাইল বাসস্ট্যান্ডের কাছে ফায়ার ব্রিগেড স্টেশনের পাশেই আল-মুসলিম গ্রুপের শ্রমিকবাহী একটি বাস থামে। এ সময় বাসের ধাক্কায় ফায়ার ব্রিগেড কার্যালয়ের ‘পাকিং নিষেধ’ স্ট্যান্ড উল্টে গেলে শুরু হয় উত্তেজনা।

ফায়ার ব্রিগেড কার্যালয়ের নিরাপত্তা রক্ষীরা চিৎকার করে এর প্রতিবাদ করলে বাসের শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে।

এক পর্যায়ে নিরাপত্তারক্ষীরা কয়েকজন শ্রমিককে ধরে অফিসের ভিতরে নিয়ে মারধর করে বলে ওই বাসের শ্রমিকদের অভিযোগ।

এ সময় গুজব ছড়িয়ে পড়ে, এক নারী শ্রমিককে ধরে নিয়ে ফায়ার ব্রিগেড অফিসে নির্যাতন করা হচ্ছে। এ গুজবে ক্ষুব্ধ হয়ে পাশের কারখানার থেকে কয়েক শ’ শ্রমিক বেরিয়ে আসে এবং সাভার ফায়ার ব্রিগেড কার্যালয়ে হামলা চালায়।

এ সময় তারা অগ্নিনির্বাপক বাহিনীর তিনটি গাড়ি ভাংচুর করে এবং অফিস ও ভিতরের কোয়ার্টারে হামলা চালায়। এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে ফায়ার ব্রিগেড কর্মীদের সংঘর্ষ বেধে যায়।

খবর পেয়ে পুলিশে এলে তাদের সঙ্গেও সংঘর্ষে জড়ায় শ্রমিকরা। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেয়।

এ সময় শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় এবং গাড়ি ভাংচুর শুরু করে। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ তাদের বাধঅ দিতে গেলে আবারো সংঘর্ষ শুরু হয়। পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেলের জবাবে বৃষ্টির মতো ঢিল ছুড়তে থাকে শ্রমিকরা।

এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় উলাইল এলাকা।

দুই দফা সংঘর্ষে শ্রমিক, পুলিশ, পথচারী ও ফায়ার ব্রিগেড কর্মীসহ অর্ধশতাধিক লোক আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

শিল্প পুলিশ-১ সাভার ক্যাম্পের এসআই ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে সড়ক থেকে সড়িয়ে দেয়া হয়েছে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর সাড়ে ১০টার দিকে যান চলাচল শুরু হয়েছে।

এক প্রশ্নের জবাবে সাভার ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার খান খলিলুর রহমান বলেন, শ্রমিকদের ধরে নিয়ে মারধরের বিষয়টি তিনি জানেন না।

“ভিতরে ভাংচুরের খবর পেয়ে আমি এসেছি। ঘটনার সময় বাইরে ছিলাম।”

এসআই ওমর ফারুক বলেন, মারধরের বিষয়টি তিনি শুনেছেন, তবে বিস্তারিত জানেন না।

এদিকে সংঘর্ষের পর আল-মুসলিমের ওই কারখানায় একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি এখন শান্ত। তবে মূল ঘটনাটি কি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।”

নতুন কোনো বিশৃঙ্খলা এড়াতে উলাইল এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের জলকামান, রায়টকার ও সাঁজোয়া যানও সেখানে টহল দিচ্ছে।