২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলক্ষেতে বাসচাপায় শিক্ষার্থী নিহত

রাজধানীর ব্যস্ত এলাকা নীলক্ষেতে বাসের চাপায় নিহত হয়েছেন এক শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 05:43 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

শনিবার দুপুরে এই ঘটনার পর বিক্ষুব্ধরা সড়কে কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সাজ্জাদুল ইসলাম এনামুল (২০) ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (নিট) শিক্ষার্থী।

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ২টার দিকে সাজ্জাদ নীলক্ষেত প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে বাই সাইকেলে করে যাচ্ছিলেন। এমন সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

সাজ্জাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান, এই শিক্ষার্থী মারা গেছেন।

সাজ্জাদের বাসা শাহবাগে। তিনি নীলক্ষেতে কোচিং শেষ করে টিউশনি করতে যাচ্ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পুলিশ জানায়,ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ৪/৫ গাড়ি ভাংচুর করে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।