২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে পরিবহন ধর্মঘট

কয়েকজন শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের এক বাস চালককে প্রহার করায় ধর্মঘট ডেকেছে কর্মচারী সমিতি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 03:35 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

এ কারণে শনিবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে বাসচালক মফিজুল ইসলামকে মারধর করে আহত করে কয়েকজন ছাত্র।  

আহত মফিজুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবহন দপ্তরের কর্মকর্তা ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের নওদাপাড়া রুটে বাস থামানো নিয়ে ব্যবস্থপনা বিভাগের কাওসার আহম্মেদ ও রনিসহ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে চালক মফিজুলের কথা কাটাকাটি হয়।

এর জেরে সকাল ১১টার দিকে কাওসার ও রনি পরিবহন দপ্তরের সামনে থেকে মফিজুলকে ডেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে নিয়ে যায়। সেখানে তাদের আরো কযেকজন বন্ধুসহ বেধড়ক মারধর করে।

ওই শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তি না ধেয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে বলে তিনি জানান।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা পরিবহন সমিতির নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে কোনো সমাধান করতে পারেননি।

প্রক্টর তারিকুল হাসান মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবহন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দাবির প্রেক্ষিতে একটি সমাধান খোঁজার চেষ্টা চলছে।

এ ব্যাপারে কথা বলার জন্য কাওসার ও রনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায়।