হরতাল চলছে পাবনায়
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তি দাবিতে হরতাল চলছে তার জেলা পাবনায়।
পাবনা বিএনপির ডাকা এই হরতালে শনিবার সকালে সকালে যুবদল ও ছাত্রদলকর্মীরা শহরের এডওয়ার্ড কলেজ ও মোজাহিদ ক্লাব মোড়ে অবস্থান নিয়েছে। তারা রাস্তার ওপর টায়ারে আগুন জ্বালিয়েছে।
পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
নাশকতা এড়াতে শহরের বিভিন্ন মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ।
পিএসসি ও জেএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত রাখা হলেও পরিবহন স্বল্পতার কারণে দূর-দূরান্তের পরীক্ষার্থীরা চরমদুর্ভোগ পোহাতে হচ্ছে।
গত ৮ নভেম্বর শিমুল বিশ্বাসকে গ্রেপ্তারের পর পাবনায় এর আগেও স্থানীয়ভাবে হরতাল পালিত হয়েছিল।
শিমুলের সঙ্গে ওই দিন মওদুদ আহমদসহ বিএনপির চার নেতাকে গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
