২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানমন্ত্রীর বাড়ির সামনে বিস্ফোরণ, আহত ১

জাতীয় পার্টির মহাসচিব ও বেসামরিক বিমানমন্ত্রী এ বি এম রুহুল আমীন হাওলাদারের বাড়ির সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে এক পথচারী গুরুতর আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 11:20 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এ ঘটনায় মন্ত্রী ও তার পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আমীন জানান, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে গুলশান ২-এর ৪৪ নম্বর সড়কে থানার কাছে মন্ত্রীর বাড়ির সামনে তিন থেকে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

এ সময় সুজন মিয়া (১৯) নামের এক পথচারীর মাথায় একটি হাতবোমা ফেটে তিনি গুরুতর আহত হন।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত সোমবার নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকারের মন্ত্রী হিসেবে অন্য পাঁচ জনের সঙ্গে শপথ নেন রুহুল আমীন হাওলাদার। বৃহস্পতিবার নির্বাচনকালীন মন্ত্রিসভার দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়, যাতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় জাতীয় পার্টির এই নেতাকে।

আহত সুজনের চাচাতো ভাই মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেঘনা গ্রুপের একটি সিকিউরিটি কোম্পানিতে কাজ করেন সুজন। গুলশান-১ একটি মেসে থাকেন তিনি। গুলশান ২-এর ৪৩ নম্বর সড়কে এক বাসায় নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন শেষে মেসে ফিরছিলেন তিনি।