লক্ষ্মীপুরে যুবদল নেতা খুন
লক্ষ্মীপুর সদরে স্থানীয় এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় এক যুবদলকর্মী গুরুতর আহত হয়েছেন।
বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামে শুক্রবার এ হামলায় নিহত মোরশেদ আলম ওই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। তিনি ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
আহত সুমন হোসেনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সুমন একই গ্রামের আবু ছায়েদের ছেলে।
এ ঘটনার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়ী করা হলেও তিনি অস্বীকার করেছেন।
ভোর রাতে ১০/১২ জন যুবক তাদেরকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে মোরশেদের মৃত্যু হয়।
সুমন হোসেনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় পোদ্দার বাজার ভাই ভাই হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
মোরশেদের পরিবারের অভিযোগ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদীর লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
কাশেম জিহাদী অভিযোগ অস্বীকার করে বলেন, আভ্যন্তরীণ কোন্দলের জেরে তাকে হত্যা করা হয়েছে।
