২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সবজির দোকান নিয়ে বিরোধে নিহত ১

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার একটি বাজারে সবজির দোকান বসা নিয়ে দুই বিক্রেতার মধ্যে বিবাদের জেরে একজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 02:22 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

নিহত ইয়াসিন বাবুলের (৫০) বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার দুপুর ১২টার দিকে খুলশী থানাধীন ঝাউতলা বাজারে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আব্দুর রউফ জানান, বাজারে বসার জায়গা ও পণ্য রাখা নিয়ে সবজি বিক্রেতা বেলাল মোল্লার সঙ্গে বাবুলের ঝগড়া হয়।

রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একপর্যায়ে বেলালের আঘাতে বাবুল গুরুতর আহত হন। বাবুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।”

এঘটনায় পুলিশ বেলাল মোল্লাসহ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে বলে জানান তিনি।

ঝাউতলা বাজারের ব্যবসায়ী মাসুম হোসেন মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলাল মোল্লার সাথে ঝগড়ার জেরে বাবুলকে মারধর করা হলে গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বেলালকেও মারধর করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী খুলশী থানার এসআই মো. জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোকানের সামনে রিকশা থেকে পণ্য নামানো নিয়ে দুই সবজি বিক্রেতার কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে তারা হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়লে বাবুল গুরুতর আহত হয়।”

চমেক হাসাপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল শরিফ জানান, ঝাউতলা থেকে গুরুতর আহত একজনকে পৌনে ১টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।