‘রাজনীতির কথা কম বলাই ভাল’
বাংলাদেশের রাজনীতি নিয়ে কম কথা বলাই ‘মঙ্গলজনক’ মনে করছেন নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূস।
নির্বাচন সামনে রেখে দেশে রাজনৈতিক উত্তাপের মধ্যেই যুক্তরাষ্ট্র সফররত ইউনূসের কাছে এ বিষয়ে মতামত জানতে চাইলে তিনি এ কথা বলেন।
এই প্রতিবেদককে ইউনূস বলেন, “বাংলাদেশের রাজনীতি নিয়ে যতো কম কথা বলা যায় ততোই মঙ্গল।”
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডাল চালুর ৫০ বছর পূর্তি উপলক্ষে বুধবার রাতে হোয়াইট হাউজে আয়োজিত নৈশ ভোজে যোগ দেন ইউনূস। গত বছর তিনিও ওই পদক পান।
প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইউনূস বলেন, “কুশল বিনিময় হয়েছে। এর বেশি কথা বলার অবকাশ ছিল না।”
এদিকে ‘ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে মানব কল্যাণের জন্য’ নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে বৃহস্পতিবার ‘গ্লোবাল ভিশনারি অ্যাওয়ার্ড’ দেয়া হয় নোবেলজয়ী ইউনূসকে।
নিউ ইয়র্ক শহরের চায়না টাউনে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনূসের হাতে সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারপার্সন ফিলিপ এ বেরি ও এশিয়ান আমেরিকান রিসার্চ ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক জয়েস ময়।
নিউ ইয়র্ক সিটিতে এ বিশ্ববিদ্যালয়ে ২৪টি ক্যাম্পাসে মোট ২ লাখ ৬৯ হাজার ছাত্র-ছাত্রী পড়ছে, যাদের মধ্যে ছয় হাজারেরও বেশি বাংলাদেশি।
বিশ্ববিদ্যালয়ের এশিয়ান আমেরিকান রিসার্চ ইন্সটিটিউট দুই বছর পরপর ‘গ্লোবাল ভিশনারি অ্যাওয়ার্ড’ দিয়ে থাকে।
এ অনুষ্ঠানে ড. ইউনূস বাংলাদেশে ক্ষুদ্রঋণ কার্যক্রমের শুরুর দিনগুলোর কথা তুলে ধরেন এবং বিশ্বকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর তাগিদ দেন।
তিনি ২০১০ সালের ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হাইতি সফরের অভিজ্ঞতা অনুষ্ঠানে তুলে ধরেন এবং সবজি চাষ, বৃক্ষ রোপণের কাজে এনজিওগুলোকে উদ্বুদ্ধ করার কথা জানান।
ইউনূস জানান, যুক্তরাষ্ট্রে গ্রামীণ আমেরিকার যাত্রা শুরু হয় ২০০৯ সালে। বর্তমানে কেবল নিউ ইয়র্কেই এর ছয়টি শাখায় ১৮ হাজার গ্রাহক রয়েছেন।
“সকলের জন্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতের শ্লোগান নিয়ে গত অক্টোবর থেকে ওবামাকেয়ার চালু হয়েছে। তা নিয়ে বিতর্কের শেষ নেই। এ ব্যবস্থা যদি বাস্তবায়িত হয় তারপরও ইমিগ্রেশন স্ট্যাটাসসহ নানা কারণে ২ কোটি ৩০ লাখ আমেরিকান স্বাস্থ্যবিমা পাবেন না। গ্রামীণ আমেরিকা তাদের পাশে দাঁড়াতে চায়।”
নিউ ইয়র্কে ইতোমধ্যে এ ব্যাপারে কাজ শুরু হয়েছে বলেও জানান ইউনূস।
বাংলাদেশ সময় শুক্রবার রাতে তার ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করার কথা রয়েছে।
