যারা ‘শান্তি’ দেবে, ভোট দেব তাদের: ইউনূস
দেশে ‘শান্তি’ প্রতিষ্ঠায় যারা কাজ করবে, তাদের ভোট দেয়ার কথা বলেছেন শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার মিরপুরের ইউনূস সেন্টারে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা একটি চক্রের মধ্যে আটকে আছি। এই চক্র দেশে অশান্তি সৃষ্টি করতে চায়।
“যারা আমাদের শান্তি দিতে পারবে, আগামী নির্বাচনে তাদেরই আমরা ভোট দেব।”
মুক্তিযোদ্ধা গণপরিষদ নামে একটি সংগঠনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন মুহাম্মদ ইউনূস।
গত কয়েকদিনে দুটি রাজনৈতিক দলসহ কয়েকটি সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং রাজনৈতিক বিষয় নিয়েও কথা বলেন।
কয়েকদিন আগে, এই ধরনের একটি সভায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির পক্ষে নিজের অবস্থান জানান নোবেলজয়ী এই বাংলাদেশি।
মঙ্গলবারের সভায় তিনি বলেন, “আগামী নির্বাচনটায় যদি গোলমাল লেগে যায়, তাহলে কপালে আরো দুর্ভোগ আছে, যা কারো কাম্য নয়।
“আগামী নির্বাচন নিয়ে সবাই আতঙ্কে রয়েছে। সেজন্য একটি স্থায়ী শান্তি প্রক্রিয়া প্রতিষ্ঠিত করতে হবে। এখন সময় এসেছে সেই শান্তি প্রক্রিয়া প্রতিষ্ঠিত করার।”
“স্বাধীনতার ৪২ বছরেও একটি সুষ্ঠু নির্বাচন করার যোগ্যতা অর্জন করতে পারিনি,” বলে হতাশা প্রকাশ করেন ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম উপদেষ্টা ইউনূস।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলনের মধ্যে তার পক্ষে ইউনূসের অবস্থান ব্যক্ত করা বিরোধী দলের প্রতি তার সমর্থনের প্রকাশ বলে মনে করেছেন আওয়ামী লীগ নেতারা, যাদের সরকার আমলে গ্রামীণ ব্যাংকের পদ থেকে তাকে অপসারণ করা হয়।
ইউনূস বলেন, “গ্রামীণ ব্যাংকের ওপর সরকারের কেন এত আক্রোশ, তা দেশ-বিদেশের কেউই বুঝতে পারছে না। এ আক্রমণ প্রতিহত করতে হবে।
মুক্তিযোদ্ধা গণপরিষদের চেয়ারম্যান ইসতিয়াক আজিজ উলফাৎ বলেন, “গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, তা প্রতিহত করার আন্দোলনে আমরা ড. ইউনূসের সঙ্গে সব সময় ছিলাম এবং আছি।”
স্বউদ্যোগেই ইউনূসের সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে মুক্তিযোদ্ধা গণপরিষদের চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি জানান, তার এই সংগঠনটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত এবং এর সদস্য মুক্তিযোদ্ধাসহ ৫ সহস্রাধিক।
তিনি ওই অনুষ্ঠানে বলেন, বর্তমানে দেশে মানবাধিকার সুরক্ষিত হচ্ছে না।
“আগে কিছুটা মানা হতো। কিন্তু এখন মানা হচ্ছে না।”
মানবাধিকার সুরক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান নোবেলজয়ী এই বাংলাদেশি।
“বাংলাদেশে মানবাধিকার রক্ষা একটি কঠিন কাজ। তাই মানবাধিকারকর্মীদের আরো শক্ত হয়ে দাঁড়াতে হবে।
খুন, গুম, হানাহানিসহ সব আমরা এখন মেনে নিচ্ছি, যা কোনোভাবেই আইনের ঊর্ধ্বে নয়।”
বর্তমান সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহারের সমালোচনাও করেন ইউনূস।
“আইন তো আইনই। আইনের বিচারের কোনো রাগ, বিরাগ নেই, অখচ এখন সবই আসছে। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে।”
মতবিনিময় শেষে দেশের গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখার জন্য মুহাম্মদ ইউনূসকে ‘বেস্ট সিটিজেন অব বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০১২’ দেয় বাংলাদেশ মানবাধিকার কমিশন।
এর আগে তার হাতে একটি মানপত্রও তুলে দেন সংগঠনটির চেয়ারম্যান বিচারপতি এ কে এম সাদেক ও মহাসচিব সাইফুল ইসলাম দিলদার।
