ভবিষ্যৎ কারো ইচ্ছায় চলবে না: ইউনূস
আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আগামী সংসদ নির্বাচন হবে কিনা- এখন একটি সাধারণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এটা কেমন প্রশ্ন। আমরা নির্বাচন চাই এবং যে কোনো ভাবেই হোক একটি শান্তিপূর্ণ নির্বাচন হতে হবে।”
দেশের মানুষ চাইলে ভোট ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে অগাস্টের শেষ সপ্তাহে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নিজের অবস্থান জানিয়েছিলেন গ্রামীণ ব্যাংকের এই সাবেক এমডি, যিনি এর আগে একবার রাজনৈতিক দল গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন।
প্রধান বিরোধীদল বিএনপি এবং এর শরিকরাও একই দাবি জানিয়ে আসছে। তারা বলছে, নির্দলীয় সরকার ছাড়া আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে তারা অংশ নেবে না।
১৯৯৬ সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইউনূস ২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ‘নাগরিক শক্তি’ নামে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েও পরে পিছিয়ে যান।
সম্প্রতি নাগরিক সমাজের এক প্রতিনিধি নোবেলজয়ী ইউনূসকে রাজনীতিতে যোগ দেয়ার আহ্বান জানালেও তিনি নিরুত্তর থাকেন। তবে ইউনূস বিভিন্ন প্রসঙ্গে বক্তব্য দেয়ার মাধ্যমে কার্যত রাজনীতি করছেন বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবারের সংবর্ধনায় মুহাম্মদ ইউনূসের বক্তব্যে উঠে আসে রাজনীতি, নির্বাচন এবং সরকারের সমালোচনা।
মুহাম্মদ ইউনূস
“শুধু অসহায়ের মতো ফ্যালফ্যাল করে না তাকিয়ে জোড়ে দাবি করতে চাই। দাবি আদায় করতে চাই।”
বাংলাদেশ মুক্তিযোদ্ধা গণপরিষদ আয়োজিত গণসংবর্ধনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি উলফাৎ ইসতিয়াক।
অনুষ্ঠানে গণফোরাম সভাপতি কামাল হোসেন, গণস্বাস্থের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা শমসের মবিন চৌধুরী, আব্দুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়্যারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল প্রমুখ উপস্থিত ছিলেন।
‘ইউনূস মোটেও বিতর্কিত ব্যক্তি না’- মন্তব্য করে ড. কামাল বলেন, “জাতি হিসেবে আমরা কেন ইউনূস সাহেবকে মূল্যায়ন করছি না। যারা মানুষকে অসন্মান করে তাদেরকে চিহিত করে প্রত্যাখ্যান করতে হবে।”
সরকার ড. ইউনূসকে ভিত্তিহীন ভাবে হয়রানি করছে অভিযোগ করে তিনি বলেন, “আপনারা যারা হয়রানি করছেন তাদের বলতে চাই- হয়রানি কীভাবে বন্ধ করতে হয় তা আমাদের জানা আছে।”
