২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণা: ২ হজ এজেন্সির লাইসেন্স বাতিল

হজযাত্রীদের সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাতের দায়ে দুই হজ এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 03:37 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

একই অভিযোগে আরো পাঁচ এজেন্সির বিরুদ্ধে তদন্ত চলছে বলেও ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন।

বৃহস্পতিবার সচিবালয়ে হজ ফ্লাইট পরিচালনা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতারণা ও অর্থ আত্মসাতের দায়ে সৌদি হজ এয়ার সার্ভিস ও রফিক এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। এই দুই এজেন্সির প্রতারণার জন্য এবার ১৭৭ জন হজে যেতে পারেননি। এদের মধ্যে সৌদি হজ এয়ার সার্ভিসের কারণে ১৬২ ও রফিক এজেন্সির কারণে ১৫ জন হজে যেতে পারেননি।

লাইসেন্স বাতিল ছাড়াও দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান সচিব।

এছাড়া সৌদি হজ এয়ার সার্ভিসের জামানতের ২০ লাখ টাকা বাজেয়াপ্ত করার পাশাপাশি তাদের ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর রফিক এজেন্সির জামানতের ১০ লাখ টাকা বাজেয়াপ্ত এবং তাদের ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এখনো আসেননি ২ হাজার হাজী

সংবাদ সম্মেলনে ‘বিদায়ী’ বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেন, এবছর সুষ্ঠুভাবে হ্জ ফ্লাইটের কার্যক্রম শেষ হয়েছে।

তিনি বলেন, এ বছর মোট ৮৭ হাজার ৮৫৪ জন হজযাত্রী সৌদি আরব যান। এর মধ্যে ৮৫ হাজার ৭৪ জন ফেরত এসেছেন। এ হিসাবে প্রায় দুই হাজারের বেশি হাজী এখনো ফেরেননি।

অনেকেই হজ শেষে অন্য স্থানে ভ্রমণে যান উল্লেখ করে মন্ত্রী বলেন, ঠিক কতো জন ফেরত আসেননি তা দু-একদিনের মধ্যেই চূড়ান্তভাবে জানা যাবে।

তিনি জানান, এবছর বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্লাইটে ৪৩ হাজার হজযাত্রী সৌদি আরবে যান। আর ৪৫ হাজার হজযাত্রী যান সাউদিয়া এয়ারলাইন্সে।

হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশের ৬৫ কোটি টাকা লাভ হয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, আগামী বছর ঢাকা, চট্রগ্রাম ও সিলেট ছাড়াও উত্তরবঙ্গের কোনো একটি বিমানবন্দর থেকে সরাসরি হ্জ ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

আগামী বছর জুন থেকে ঢাকা-ম্যানচেস্টার-নিউ ইয়র্ক রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট পরিচালনার প্রস্তুতি চলছে বলেও জানান বিদায়ী মন্ত্রী।

ফারুক খান বলেন, ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে নতুন বোয়িং ৭৭৭ বিমান সংযুক্ত হলেই অস্ট্রেলিয়া ও চীনের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে।

আগামী ৯ ডিসেম্বর ঢাকা-ইয়াংগুন রুটে বিমানের ফ্লাইট চালু হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী উপস্থিত ছিলেন।