১৬ ডিসেম্বরের মধ্যে কাদের মোল্লার ফাঁসির দাবি
যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় ১৬ ডিসেম্বর মধ্যে কার্যকরের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও মিছিল হয়েছে।
বুধবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করে তারুণ্যের স্কোয়াড নামের একটি সংগঠন।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচনের ঢামাঢোলে রাজাকারের বিচার প্রক্রিয়ার কথা ভুলে গেলে চলবে না। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরে সময় ক্ষেপনের কারণে জনমনে যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে তা দূর করতে হবে। মহান বিজয় দিবসের আগেই ফাঁসির রায় কার্যকর করতে হবে।
“আদালতের রায়ে দোষী দল জামায়াতের সঙ্গে আলোচনা করলে তা হবে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনরতদের অপমানের শামিল।”
তারুণ্য স্কোয়াডের সভাপতি ইসমাইল আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুনীল দাশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি কাদেরী জয়সহ অন্যান্যরা।
মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে প্রসিকিউসন আপিল করলে শুনানি শেষে গত ১৭ সেপ্টেম্বর তার মৃত্যুদণ্ডের রায় দেয় আপিল বিভাগ।
