বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৮০
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় খাস জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৮০ জন আহত হয়েছে।
বুধবার সকালে ইকরাম গ্রামে এ সংঘর্ষে টেটাবিদ্ধ দুজনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্তত ৪০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন জানান, পতিত জমির দখল নিয়ে এ সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
স্থানীয়রা জানান, একটি খাস জমির দখল নিয়ে ইকরাম গ্রামের কাউসার মিয়া ও শামীমের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরে বেলা ৯টায় দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
পরে খবর পেয়ে বানিয়াচং থানাধীন সুজাতপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিবির মিয়া (২৪) ও রুয়েল মিয়া (২২)
এছাড়া সদর হাসপাতালে আছেন মোসাদ্দেক মিয়া (২২), আবিদ আলী (২৫), তৌহিদ মিয়া (৬০), তরবত বেগম (৫০), শওকত মিয়া (২৫), সোহাগ মিয়া (২৫), লিটন মিয়া (২৩), টেনু মিয়া (৩৫), আহাদ মিয়া (৩০), আনোয়ার মিয়া (৪০), লতিফ হোসেন (৪৮), ফজলু মিয়া (২০) ও আয়নুল মিয়াসহ (২০) অন্তত ৪০ জন।
