২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণাধীন ভবন থেকে কাঠ পড়ে শিশু নিহত

রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়ালধসে এক শিশুর মৃত্যুর একদিনের মধ্যে একই ধরনের ঘটনায় আরেক শিশু নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 04:58 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বুধবার তেজগাঁওয়ে নির্মাণাধীন একটি ভবন থেকে কাঠের টুকরা পড়ে নিহত হয় মরিয়ম (১২) নামে একটি শিশু। আগের দিন দেয়াল চাপায় রাব্বি নামে এক শিশু মারা যায়।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার আফরুজুল হক টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল ৯টার দিকে তেজকুনি পাড়ার ১৭৪/এ নম্বর বাড়িতে ওপর থেকে পড়া কাঠের আঘাতে মরিয়ম নিহত হয়।

মরিয়ম ওই ভবনেরই তত্ত্বাবধায়ক খোকন মাতব্বরের মেয়ে। নির্মাণাধীন ওই ভবনের পাশে একটি টিনশেড ঘরে পরিবার নিয়ে থাকেন খোকন।  

খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে হাড়িপাতিল পরিষ্কারের সময় মরিয়ম তার মাকে সাহায্য করছিল। ওই সময় ওপর থেকে কাঠের একটি টুকরা এসে মরিয়মের মাথায় লাগে।”

মরিয়মকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।