২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকন রাজাকারের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২১ নভেম্বর

নগরকান্দার পৌর মেয়র বিএনপি নেতা জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় আগামী ২১ নভেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 01:30 AM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রোববার সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হয়। সূচনা বক্তব্য রাখেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল।

এরপর আগামী ২১ নভেম্বর থেকে এ মামলায় প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

গত ৯ অক্টোবর জাহিদের বিরুদ্ধে বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, ধর্মান্তরে বাধ্য করাসহ ১১টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।

গত ৫ সেপ্টেম্বর থেকে খোকনের অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু করে প্রসিকিউশন।

পলাতক জাহিদ, যিনি একাত্তরে খোকন রাজাকার নামে পরিচিত ছিলেন, এর পক্ষে অভিযোগ গঠনের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান।

গত ১৮ জুলাই মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ আমলে নিয়ে জাহিদকে গ্রেপ্তারের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। পলাতক জাহিদকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

১৪ আগস্টের মধ্যে আদালতে হাজির না হলে তার অনুপস্থিতিতেই অভিযোগে গঠনের শুনানি শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। ওইদিনই আব্দুস শুকুর খানকে পলাতক আসামির আইনজীবী হিসেবে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল।

এবছরের ২৩ জুন প্রসিকউটর মোখলেসুর রহমান বাদল ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর জাহিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। একইসঙ্গে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়।

প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল অভিযোগ জমা দেয়ার দিন সাংবাদিকদের বলেন, “জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকার একজন স্বঘোষিত রাজাকার, যে বলে, ‘আমি রাজাকার ছিলাম, আছি, রাজাকার হিসেবেই মৃত্যুবরণ করতে চাই’।”

এর আগে গত ২৯ মে তার বিরুদ্ধে ১৩টি অপরাধে জড়িত থাকার অভিযোগে তদন্ত চুড়ান্ত করে তদন্ত সংস্থা চিফ প্রসিকউটরের তদন্ত প্রতিবেদন জমা দেন।

তদন্ত সংস্থার প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী রাজাকার হিসেবে জাহিদ হোসেন খোকন লুটপাট, অগ্নিসংযোগ, আটক, নির্যাতন, ধর্মান্তরকরণ, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।

তিনি বৃহত্তর ফরিদপুর জেলার নগরকান্দায় এসব অপরাধ সংঘটন করেন।

২০১২ সালের ১৬ এপ্রিল তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তকালে এ মামলায় ৭৮ জনের বেশি লোকের সাক্ষ্য নেওয়া হয়েছে। ৫০ জনকে সাক্ষী করা হয়েছে।

আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ২৯ মে চাঁদের হাটে পাকিস্তানী সেনাবাহিনী ও এদেশীয় রাজাকার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের বড় ধরনের যুদ্ধ হয়। ওই যুদ্ধে ভাই জাফর রাজাকার মারা যাওয়ার পর তার ভাই খোকন নগরকান্দা রাজাকার বাহিনীর প্রধান হন।

খোকনের বিরুদ্ধে ১৬জন নারী ও শিশুসহ ৫০ জনকে হত্যা, তিনজনকে পুড়িয়ে হত্যা, ২ জনকে ধর্ষণ, ৯জনকে ধর্মান্তরিত করা, ২টি মন্দিরসহ ১০টি গ্রামের বাড়ীঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, সাতজন গ্রামবাসীকে স্বপরিবারে দেশান্তরে বাধ্য করা ও ২৫ জনকে নির্যাতনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ আনা হয়েছে।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বলছে, ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে খোকন জামায়াতের প্রার্থীর পক্ষে বৃহত্তর ফরিদপুর এলাকায় প্রচার চালান। পরে তিনি বিএনপির রাজনীতিতে জড়ান এবং নগরকান্দা পৌর কমিটির সহ-সভাপতি হন।

২০১১ সালে তিনি নগরকান্দা পৌরসভার মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে শপথ নেয়ার পর থেকেই তিনি পলাতক।