পাকশীতে রিভলবারসহ গ্রেপ্তার ২
পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি রিভলবার ও ম্যাগজিনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় পাকশী লালনসাহ্ সেতুর পূর্ব পাড় টোল প্লাজার সামনে থেকে গ্রেপ্তার হন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারিয়া গ্রামের লালন (৩৫) ও নিবিড় আহম্মেদ রুবেল (৩০)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্ত্র বিক্রির উদ্দেশ্যে তারা কুষ্টিয়া থেকে ভটভটি যোগে ঈশ্বরদীতে আসছিলেন।
গোপন সংবাদ পেয়ে পুলিশ ভটভটিটি থামিয়ে তাদের দেহ তল্লাশি করে অস্ত্র উদ্ধার করে।
এরা দীর্ঘদিন ধরে চোরাই অস্ত্রের ব্যবসা করে আসছে বলে পুলিশ ধারণা করছে। অস্ত্র মামলা করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
