খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি: রোগীর দুর্ভোগ
চিকিৎসকের হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে খুলনা জেলার সব সরকারি ও বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা প্রতিদিন দুই ঘণ্টার কর্মবিরতি করছেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত পূর্বঘোষিত এ কর্মসূচি চলাকালে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রোগীদের দুর্ভোগ পোহাতে হয়।
আগামী দুই দিন এ কর্মবিরতি চলবে বলে জানান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডা. শেখ বাহারুল আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবারের মধ্যে খুনিকে গ্রেপ্তার না করলে ওইদিন চিকিৎসক সমাবেশ থেকে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মবিরতি সময় সব হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা চালু থাকে বলেও ডা. বাহার নিশ্চিত করেন।
গত রোববার বেলা ৩টার দিকে নগরীর কুয়েট রোডের মৈত্রী নার্সিং হোমের মালিক ডা. গৌরাঙ্গ চন্দ্র দাসকে তার চেম্বারে কুপিয়ে হত্যা করে হোমের ওয়ার্ড বয় রাসেল ঢালী।
