ছেলের বিরুদ্ধে ভরণ-পোষণের মামলা বাবার
ভরণ-পোষণ না দেয়ার অভিযোগে চাঁদপুরের একটি আদালতে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন বাবা।
মঙ্গলবার দুপুরে বিচারিক হাকিম আদালতে ইয়াসিন রানার (৩০) বিরুদ্ধে মামলাটি করেন তার বাবা লিয়াকত আলী (৬০)। তাদের বাড়ি হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর গ্রামে।
মামলায় রানার শ্বশুর-শাশুড়িসহ আরো চারজনকেও আসামি করা হয়েছে।
বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ১৪ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।
মামলার এহাজারে বলা হয়, ছেলে ইয়াসিন রানা দীর্ঘদিন দুবাইয়ে চাকরি করলেও গত তিন বছর ধরে বাবা-মায়ের ভরণ-পোষণ না দিয়ে তার উপার্জিত সব অর্থ শ্বশুরবাড়িতে পাঠাচ্ছেন।
অন্য আসামিরা হলেন রানার স্ত্রী রাশিদা আক্তার রিতা (২৮), শ্বশুর শেখ মো. বাদল ওরফে বাবুল (৫০), শাশুড়ি লুৎফা বেগম (৪৫) ও শ্যালক মো. সোহেল (৩০)।
