টাঙ্গাইলে হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন
টাঙ্গাইলে একটি হত্যা মামলায় দুই সহোদরসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া দণ্ডিত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাভোগ করতে হবে।
মঙ্গলবার টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ জেসমিন আরা বেগম এ রায় দেন।
দণ্ডিতরা হলেন ঘটু মিয়া, এরশাদ আলী, হায়াত আলী, বাবুল মিয়া, ইউসুফ আলী, শহর আলী এবং তার ভাই আলাউদ্দিন।
আরেক আসামি ফজল মিয়া মামলা চলাকালে মৃত্যুবরণ করেন। তিনিও এই হত্যাকাণ্ডে অপরাধী প্রমাণিত হন বলে রায়ে উল্লেখ করা হয়।
মামলার বিবরণে জানা যায়, দণ্ডিতরা ২০০৪ সালের ২৪ এপ্রিল সন্ধ্যায় নিজ বাড়ির পাশে তমেজ উদ্দিনকে কুপিয়ে হত্যা করে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম খান।
